চট্টগ্রামে ডায়রিয়া মোকাবিলায় ইউনিয়ন পর্যায়ের মেডিকেল টিম পুনর্গঠন
ডায়রিয়ার প্রবণতা বাড়ায় চিকিৎসা সেবা নিশ্চিত করতে চট্টগ্রামের ইউনিয়নভিত্তক মেডিকেল দল পুনর্গঠনের নির্দেশনা দিয়েছে জেলা সিভিল সার্জন। রোববার এক আদেশে সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী দ্রুত মেডিকেল দল গঠন করার তাগিদ দিয়েছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রোববার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯৪ জন নতুন করে ডায়রিয়া আক্রান্ত হয়েছেন। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডায়রিয়া আক্রান্তের সংখ্যা তিন হাজার চার জন। তবে, আক্রান্তদের বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন।
সিভিল সার্জনের আদেশে উপজেলার প্রতিটি ইউনিয়নে একটি করে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি করে মেডিকেল টিম পুর্নগঠনের কথা বলা হয়েছে। এ ছাড়া ডায়রিয়া মোকাবিলার জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুদ রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। গঠিত মেডিকেল দলের নাম ও ফোন নম্বরসহ তথ্য জেলা নিয়ন্ত্রণ কক্ষে সরবরাহের জন্য বলা হয়েছে।
জানতে চাইলে জেলা সিভিল সার্জনের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ইউনিয়ন ও মেডিকেল পর্যায়ে মেডিকেল দল আগে থেকেই আছে। ডায়রিয়া আক্রান্তের সংখ্যা আগের চেয়ে একটু বাড়ায় নতুন করে দলগুলো পুর্নগঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও নতুন করে ডায়রিয়া রোগী ভর্তি হচ্ছেন। তবে তা স্বাভাবিকের চেয়ে খুব একটা বেশি নয় বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।