চট্টগ্রামে দুদক কর্মকর্তাকে হুমকির অভিযোগ
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা মো. শরীফ উদ্দিনকে চট্টগ্রামের বাসায় গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নগরের খুলশী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
রোববার সন্ধ্যা ৭টার দিকে কর্ণফুলী গ্যাস বিতরণ কোম্পানি লিমিটেডের (কেজিডিসিএল) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান চৌধুরী চট্টগ্রাম নগরের ভুঁইয়া গলির বাসায় গিয়ে এই হুমকি দেন বলে অভিযোগ করেছেন শরীফ উদ্দিন।
শরীফ উদ্দিন বর্তমানে দুদকের পটুয়াখালীর সমন্বিত কার্যালয়ে উপসহকারী পরিচালক পদে কর্মরত আছেন। এর আগে চটগ্রামে কর্মরত ছিলেন। এ সময় বিভিন্ন দুর্নীতির ঘটনা তদন্ত করে আলোচিত হয়েছিলেন তিনি।
দুদকের এই কর্মকর্তা জিডিতে অভিযোগ করেছেন, আইয়ুব খান চৌধুরী সন্ধ্যায় তাঁর বাসার নিচে আসেন। এ সময় তাঁর সঙ্গে একজন ছিলেন। তাঁরা বিভিন্নভাবে হুমকি দিতে থাকেন। একপর্যায়ে তাঁকে উদ্দেশ করে বলেন, ‘আমি (শরীফ) কেন তাঁর (আইয়ুব) বিরুদ্ধে নিউজ করিয়েছি? আমার কারণে তাঁর জীবন ধ্বংস হয়েছে। আমি চাকরি কীভাবে করি তা দেখে নেবেন। আমি চট্টগ্রামে কর্মরত থাকাকালীন অনেকের জীবন ধ্বংস করে করেছি।’
আইয়ুব খান চৌধুরী ফোন করে লোকজন ডেকে আনেন বলে অভিযোগ করেছেন শরীফ উদ্দিন। তাঁর পরিবারের সদস্যদেরও হুমকি দেন। চট্টগ্রামের বাসায় মা, স্ত্রী ও দুই সন্তান থাকেন। সম্প্রতি ছুটিতে চট্টগ্রামে এসেছেন তিনি। শরীফ উদ্দিন প্রথম আলোকে বলেন, বিভিন্ন মামলা তদন্ত করার কারণে আইয়ুব খান ক্ষুব্ধ হয়ে এ কাজ করেছেন।
যোগাযোগ করা হলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, বাসায় গিয়ে দুদক কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগ পেয়েছেন। এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে কথা বলতে আইয়ু্ব খান চৌধুরীকে কল করা হলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।