চট্টগ্রামে দেয়াল ধসে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন মাস্টারলেন ঝিলের পাড় এলাকায় নির্মাণাধীন একটি দেয়াল ধসে মো. বাহার (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 
গত মঙ্গলবার রাত সোয়া একটায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
নিহত বাহার নোয়াখালী জেলার আবদুল মান্নানের ছেলে। পেশায় তিনি সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় বাহারকে হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সোয়া একটায় তিনি মারা যান।
খুলশী থানার উপপরিদর্শক ফররুখ আহমেদ মিনহাজ জানান, নিহত বাহার ঝিলের পাড় ভাঙা বাংলোর পেছনে একটি ঝুপড়ি ঘরে ভাড়া থাকতেন।
ঘরটির পশ্চিম দিকে জাহেদ, জাহাঙ্গীর নামের কয়েকজন ব্যক্তি দেয়াল তুলছিলেন। মঙ্গলবার রাতে নির্মাণাধীন দেয়ালটি ধসে বাহারের ঘরের ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেয়াল নির্মাণকারীদের কাউকে পায়নি।