চট্টগ্রামে দেয়ালধসে শিশুর মৃত্যু
চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকায় একটি দেয়াল ধসে এক শিশু মারা গেছে। আজ শুক্রবার বিকেল পাঁচটার দিকে পূর্ব কাটগড় তিনতলা মসজিদের পাশের একটি মাঠের পাশে দেয়ালধসের এই ঘটনা ঘটে। এতে আরও তিন শিশু আহত হয়েছে।
নিহত শিশুটির নাম সাদিয়া তাবাসসুম (৯)। শিশুটির বাবার নাম মো. ইদ্রিস। আহত এক শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম জানা যায়নি। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন প্রথম আলোকে বলেন, মসজিদের পাশে একটি মাঠে শিশুরা খেলছিল। এ সময় মাঠের সঙ্গে লাগোয়া একটি জমির সীমানাপ্রাচীর ধসে পড়লে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় দুই শিশুকে হাসপাতালে নিয়ে গেল সাদিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর একজন আহত অবস্থায় ভর্তি রয়েছে।
জানা গেছে, একটি জমির সীমানা নির্ধারণের জন্য ৫–৬ ফুট উচ্চতার দেয়ালটি ছিল। এটি অনেক পুরোনো দেয়াল। জমির মালিক আবদুল হামিদ নামেন এক ব্যক্তি। এর পাশেই মাঠে শিশুরা খেলছিল।
ওসি কবির হোসেন বলেন, ভুক্তভোগী পক্ষ কী চায়, সেটার ওপর নির্ভর করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।