
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ভারতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অনন্য ভূমিকা ছিল। চট্টগ্রামে না এলে অপূর্ণতা থেকে যেত। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রেডিসন ব্লু চিটাগাং বে ভিউ হোটেলে এক সুধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয় এই সুধী সমাবেশের আয়োজন করে।
গতকাল সকালে বিমানযোগে ঢাকা থেকে চট্টগ্রাম এসে পৌঁছান প্রণব মুখার্জি। এরপর সম্মানসূচক ডক্টরেট (ডিলিট) ডিগ্রি গ্রহণের জন্য তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে বিপ্লবী মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান পরিদর্শনে রাউজান যান তিনি।
সন্ধ্যায় সুধী সমাবেশে প্রণব মুখার্জির হাতে চট্টগ্রাম নগরের চাবি তুলে দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা ও সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জি।
অনুষ্ঠানে ভারতে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বলেছেন, ‘বাংলাদেশে অনেকবার এসেছি। কিন্তু চট্টগ্রামে আসার সুযোগ হয়নি। অথচ চট্টগ্রাম না দেখলে বাংলাদেশে আসা সম্পূর্ণ হয় না।’
তিনি বলেন, চট্টগ্রাম বাংলাদেশের প্রধান বন্দর বলেই নয়, এই শহরের অন্য গুরুত্বও আছে। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে এখানকার মানুষের বিপুল ভূমিকা ছিল। ঠিক তেমনি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রেও চট্টগ্রাম এগিয়ে ছিল। সারা পৃথিবীর মানুষের কাছে স্বাধীন বাংলাদেশের বার্তা পৌঁছে দিয়েছিল চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাও পৃথিবীর মানুষের নজরে এনেছিলেন এই বেতারকেন্দ্রের কর্মীরা।

ভাষা ও সংস্কৃতির মিল ভারত-বাংলাদেশের মধ্যে সুসম্পর্কের অন্যতম কারণ বলে প্রণব মুখার্জি উল্লেখ করেন। তিনি বলেন, রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে আলাপ আলোচনার মধ্য দিয়ে দুটো দেশের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পেতে পারে। কিন্তু মানুষে মানুষে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে ভাষা ও সংস্কৃতির একটা বিশেষ ভূমিকা আছে। আর এর প্রভাবে দুটি বা তিনটি রাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠিত হতে পারে।
তিনি আরও বলেন, পাকিস্তান সৃষ্টির জন্মলগ্ন থেকেই বাংলাদেশের সঙ্গে বিশাল ব্যবধান ছিল। সেই ব্যবধান তৈরি করেছিল সংস্কৃতি। পাকিস্তানের স্রষ্টা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ একবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বললেন, ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা।’ তখন ছাত্ররা বলেছিলেন, ‘না। বাংলাকে রাষ্ট্রভাষা করতে হবে।’ পাকিস্তানের সংসদ অধিবেশনে এ দাবি উচ্চারিত হয়েছিল। তখনকার কংগ্রেস নেতা ও গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। এ জন্য পরে অনেক তিরস্কার সইতে হয়েছে তাঁকে। মুক্তিযুদ্ধের সময় তাঁকে হত্যাও করা হয়।
তবে বিশ্বজনীনতার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। প্রণব মুখার্জি বলেন, ‘আমরা ভিন্ন ভিন্ন রাষ্ট্রের অধিবাসী হতে পারি। ভিন্ন ভাষায় কথা বলতে পারি। কিন্তু আমাদের একটি বড় পরিচয়, আমরা মানুষ। আমাদের এক কবি বলে গেছেন, ‘‘শুন হে মানুষ ভাই সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই।” এই বিশ্বজনীনতা আমাদের সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাবে।’
আলোচনা করতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গও টানেন তিনি। তিনি বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুব বেশি দিনের নয়, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ৫৫ বছরে এই বিশ্ববিদ্যালয়ের ব্যাপক প্রসার ঘটেছে। শুধু উপমহাদেশ নয়, দক্ষিণ এশিয়ায় এটি একটি বড় বিশ্ববিদ্যালয় বলে গণ্য। গুণগত মানের জন্য এ বিশ্ববিদ্যালয় খ্যাতি লাভ করেছে। আমাদের দেশ থেকেও অনেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাবিজ্ঞানে পড়তে আসছে।’
সুধী সমাবেশে প্রণব মুখার্জি প্রীতিলতা ট্রাস্টের কর্মকর্তাদের কাছে ৬ লাখ ২৮ হাজার টাকার চেক তুলে দেন। এ সময় ট্রাস্টের উপদেষ্টামণ্ডলীর সদস্য ভোরের কাগজের সম্পাক শ্যামল দত্ত, ট্রাস্টের সদস্য তাপস হোড় ও সভাপতি পংকজ চক্রবর্তী উপস্থিত ছিলেন। এতে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, শিক্ষকসহ পেশাজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি গ্রহণের সময় উপমহাদেশের রাজনীতি ও গণতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন প্রণব মুখার্জি। উপমহাদেশে ঘটে যাওয়া বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের ওপর গবেষণা হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।
প্রণব মুখার্জি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সাড়ে তিন বছরের মাথায় দেশটির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন বাঙালিকে যেভাবে মরতে হলো তা নজিরবিহীন। সদ্য স্বাধীন বাংলাদেশের জন্য ছিল এটা বড় আঘাত। একইভাবে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি হত্যা করা হয়।
তিনি বলেন, সদ্য স্বাধীন একটি দেশের নানা সামাজিক ও অর্থনৈতিক সমস্যা থাকে। এমন সব রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সদ্য স্বাধীন দেশগুলোকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয় কিনা তা দেখতে হবে। উপমহাদেশ ছাড়া পৃথিবীর কোনো অঞ্চলে এর নজির খুব বেশি নেই। এমনকি আমেরিকা স্বাধীনতা লাভের বহু বছর পর সে দেশের রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন নিহত হয়েছিলেন।