চট্টগ্রামে ‘নির্যাতনে’ নারীর মৃত্যু, স্বামী আটক
চট্টগ্রাম নগরে স্বামীর নির্যাতনে এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ব্যক্তিকে আটক করেছে পাঁচলাইশ থানা-পুলিশ।
আজ রোববার রাত নয়টার দিকে নগরের একটি বেসরকারি হাসপাতালের সামনে থেকে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়। তাঁর নাম আনিসুল ইসলাম।
মৃত নারীর নাম মাহমুদা খানম আঁখি। তিনি চট্টগ্রাম নগরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
আঁখির ভগ্নিপতি আবুল কালাম প্রথম আলোকে বলেন, দুই বছর আগে আনিসের সঙ্গে আঁখির বিয়ে হয়। এরপর থেকেই তাঁর ওপর নির্যাতন করে আসছিলেন আনিস।
আবুল কালাম আরও বলেন, রোববারও আঁখির ওপর নির্যাতন চালানো হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসকেরা আঁখিকে মৃত ঘোষণা করেন।
পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাঁর স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাস্থল চাঁদগাঁও থানা এলাকায়। নিহতের পরিবারের পক্ষ থেকে সেখানে মামলার প্রস্তুতি চলছে।