চট্টগ্রামে নিষেধাজ্ঞা শেষে সাগরে যেতে প্রস্তুত করা হচ্ছে ৬৫০ নৌকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাছ শিকারের জন্য জাল প্রস্তুত করছেন জেলেরা।
প্রতীকী ছবি

দীর্ঘ ৬৫ দিন পর সাগরে যাওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে বঙ্গোপসাগরের আনোয়ারা উপকূলের সাড়ে ছয় শ মাছ ধরার নৌকা। নির্বিঘ্নে মাছের প্রজনন নিশ্চিত করা এবং ছোট মাছকে বড় হওয়ার সুযোগ সৃষ্টি করতে গত ২০ মে থেকে ৬৫ দিন বঙ্গোপসাগরে মাছ ধরা নিষিদ্ধ করে মৎস্য বিভাগ। এ নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার মধ্যরাতে।

মাছ ধরা বন্ধ থাকাকালে আনোয়ারা উপকূলের এসব জেলেকে সরকারি সহায়তা দেওয়া হয়। আনোয়ারা উপজেলা মৎস্য কার্যালয় জানায়, উপকূলে ৬০০টি মাছ ধরার নৌকা আছে। এর মধ্যে ফকিরহাটে ১৭০টি, উঠান মাঝির ঘাটে ২৮০টি, গলাকাটা ঘাটে ৩৫টি, সাত্তার মাঝির ঘাটে ৪৫টি, পিচের মাথায় ৩৫টি ও বাছা মাঝির ঘাটে ৪০টি। অন্য নৌকাগুলো পারকি ও জুঁইদণ্ডী এলাকার।

জেলেরা জানান, মাছ ধরার অপেক্ষায় রয়েছেন উপকূলের ১০ হাজারের বেশি জেলে। তাঁদের সব রকম প্রস্তুতিও শেষ পর্যায়ে। সাগরে প্রায় সব মা মাছই নিষেধাজ্ঞা চলাকালে ডিম ছেড়ে দিয়েছে। নিষেধাজ্ঞা শুরুর আগে জেলেদের জালে যে হারে ইলিশ ধরা পড়েছিল, এখন তার চেয়ে বেশি ইলিশ জালে আটকা পড়তে পারে।

জেলেরা নৌকা ও জাল মেরামতসহ সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছেন। কয়েকটি ঘাটে দ্বিগুণ শ্রমিক ও মজুরি দিয়ে নৌকা ও জাল মেরামতের কাজ করা হচ্ছে। অনেকে নৌকায় জাল ওঠানোর কাজ করছেন।

গত মঙ্গলবার বিকেলে আনোয়ারা উপকূলে গিয়ে দেখা যায়, রায়পুরের দোভাষী বাজার, ওয়াহেদ আলী চৌধুরী হাট ও ফকির হাট থেকে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি ওষুধ কিনতে ব্যস্ত জেলেরা।

দোভাষী বাজারের ব্যবসায়ী মো. ইব্রাহীম বলেন, নৌকাগুলোর জেলেরা একেকটি ট্রিপের জন্য ২০ থেকে ৫০ হাজার টাকার মালামাল কিনেছেন। রায়পুর ইউনিয়ন মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুছ সোবহান বলেন, দীর্ঘ অপেক্ষার পর জেলেরা সমুদ্রে যাবেন। উপকূলজুড়ে এখন উৎসবের আমেজ।

সরকারি নিষেধাজ্ঞা চলাকালে যেসব জেলে নদীতে মাছ শিকারে গেছেন, তাঁরা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক হয়ে জেল-জরিমানার মুখোমুখি হয়েছেন। সবশেষ ৬ জুলাই উপজেলার উঠান মাঝির ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩৯ মণ মাছ জব্দ করে প্রশাসন।

উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, আনোয়ারা উপকূলে ১০ হাজার জেলে সাগরে মাছ ধরার অপেক্ষায় আছেন। ২৩ জুলাই রাতে নিষেধাজ্ঞা শেষে নৌকাগুলো সাগরে চলে যাবে।