চট্টগ্রামে পরিবহন ধর্মঘটে জনজীবনে দুর্ভোগ

২৪ ঘণ্টার পরিবহন শ্রমিক ধর্মঘটে আজ মঙ্গলবার সকাল থেকে চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রামের মানুষ। চট্টগ্রাম মহানগর এবং জেলার কোথাও রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলছে না। ফলে সকালে স্কুল, কলেজ, অফিস, আদালতমুখী লোকজনকে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে।
পরিবহনের অভাবে নির্ধারিত সময়ে অনেকে গন্তব্যে পৌঁছতে পারেননি। অনেককে আবার রাস্তায় নেমে গাড়ি না পেয়ে অফিস কামাই করতে হয়েছে।
টার্মিনাল নির্মাণ, পুলিশি হয়রানি বন্ধসহ নয় দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক শাখা আজ সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার এই ধর্মঘট আহ্বান করেছে।

ধর্মঘট চলাকালে নগরের বিভিন্ন প্রবেশমুখে পরিবহন শ্রমিকদের পিকেটিং করতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টায় নগরের প্রবেশমুখ কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় শ্রমিকদের যেকোনো ধরনের যানবাহন চলাচলে বাধা দিতে দেখা যায়। টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা, বাস, ট্রাক কিছুই ছিল না রাস্তায়। দু একটি প্রাইভেট মাইক্রোবাস ও কার দেখা গেলেও শ্রমিকদের বাধার মুখে সেগুলো আর এগোতে পারেনি। এমনকি রিকশা চলাচলেও বাধা দিচ্ছিল তারা। একই চিত্র দেখা গেছে নগরের আরও তিনটি প্রবেশমুখ সিটি গেট, কালুরঘাট ও অক্সিজেন মোড়ে। সেখানেও পিকেটারেরা সকাল থেকে যান চলাচলে বাধা দিয়েছে।
বাস, সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো না চলার কারণে নগর থেকে বিভিন্ন উপজেলায় চাকরিজীবীদের যেতে সমস্যায় পড়তে হয়। নগরের কর্ণফুলী তৃতীয় সেতু এলাকায় কথা হয় পটিয়া ও আনোয়ারার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সরকারি দপ্তরে চাকরি করেন এমন কয়েকজনের সঙ্গে।

শাহেদা নামে এক শিক্ষিকা বলেন, ‘সকাল সোয়া ৮টায় ব্রিজে এসেছি। এসে দেখি কোনো গাড়ি নেই। রিকশায় পটিয়া শান্তিরহাট পর্যন্ত একজনের কাছ থেকে ৫০ টাকা করে চাচ্ছে।’
দেখা গেছে, গাড়ি না পেয়ে কেউ হেঁটে কেউবা রিকশায় আবার কেউবা রিকশা ভ্যানে গন্তব্যে ছুটছেন। কর্ণফুলী সেতুর দুপাশ ধরে হাঁটছে মানুষ। যেন কোনো মিছিল।
রাজীব বণিক নামের এক ব্যবসায়ী জানান, হাটহাজারী চৌধুরীহাট থেকে নগরের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার সময় দুবার রিকশা বদলাতে হয়েছে। এরপরও নগরের অক্সিজেন মোড়ে পিকেটারেরা রিকশাও আটকে দেয়।

ধর্মঘটের কারণে চট্টগ্রাম নগরেও কোনো ধরনের বাস, টেম্পো ও সিএনজিচালিত অটোরিকশা চলেনি। এই সুযোগে রিকশাচালকের দ্বিগুণ ভাড়া হাঁকিয়েছে।
ধর্মঘট আহ্বানকারী শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, নয় দফা দাবিতে আমাদের ধর্মঘট চলছে। আমরা আমাদের বিআরটিসি কার্যালয়ে ধর্মঘটের স্বপক্ষে সভা করছি। এর পর প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক করার কথা রয়েছে।