চট্টগ্রামে পরীক্ষায় আরও ৬ জনের করোনা শনাক্ত

চট্টগ্রামে দুই পুলিশ সদস্যসহ আরও পাঁচজনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব মিলেছে। বুধবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) মোট ১০৯ জনের নমুনা পরীক্ষা করে। এর মধ্যে ৬ জনের শরীরে করোনার অস্তিত্ব মেলে। তাঁদের মধ্যে একজন নোয়াখালীর বাসিন্দা।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, চট্টগ্রাম বিভাগে বুধবার করা পরীক্ষায় মোট ছয়জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এদের মধ্যে চট্টগ্রাম জেলায় পাঁচজন এবং নোয়াখালীর একজন রয়েছেন। চট্টগ্রাম নগরের নিমতলার এক মৃত নারীর নমুনা পরীক্ষা করা হয়। তিনি করোনা পজিটিভ।
একটি সূত্র জানায়, চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইনসের দুজন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে। এ ছাড়া আনোয়ারা উপজেলার এক ব্যক্তি, পটিয়ার এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়।
এ নিয়ে চট্টগ্রামের বিআইটিআইডিতে মোট এক হাজার ১৪ জনের নমুনা পরীক্ষা করা হলো। এদের মধ্যে মোট ৩৬ জনের নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেল। যার মধ্যে ৩২ জন চট্টগ্রাম জেলার। এর বাইরে লক্ষ্মীপুরের দুইজন এবং নোয়াখালীর দুইজন রয়েছে। চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত করোনা ভাইরাসে মারা গেছে চারজন।