চট্টগ্রামে পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় মা-ছেলের মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি জাংগালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় মা–ছেলের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পাপিয়া আক্তার (২৭) ও তাঁর ছেলে আহাদ (২)। আজ মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা একটি মাইক্রোবাসের যাত্রী ছিলেন। এই ঘটনায় আহত হয়েছেন চারজন।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনায় মা–ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মাইক্রোবাসের সঙ্গে কিসের ধাক্কা লেগেছে, তা নিশ্চিত করতে পারেননি তিনি।
ওসি মো. সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গাজীপুর থেকে মাইক্রোবাসে করে একদল পর্যটক কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলেন। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু কিসের সঙ্গে মাইক্রোবাসটি ধাক্কা খেয়েছে, তা বলা যাচ্ছে না। ওই স্থানে একটি কাভার্ড ভ্যান ছিল। কিন্তু সেটা একটু দূরে ছিল। গাড়ি দুটি জব্দ করা হয়েছে। কিন্তু চালকদের আটক করা সম্ভব হয়নি। তাঁরা পলাতক।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত ব্যক্তিরা হলেন আকাশ সিকদার, আরজিনা, লিটন ও মিজানুর রহমান। নিহত ও আহত ব্যক্তিদের বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায়।
মাইক্রোবাসে থাকা যাত্রী মিজানুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁরা সোমবার সন্ধ্যায় কালিয়াকৈর থেকে মাইক্রোবাসে করে রওনা দিয়েছিলেন। গাড়িতে শিশু–নারীসহ ১০ জন ছিলেন। ভোরে তাঁদের গাড়িটি দুর্ঘটনায় পড়ে। কিন্তু কীভাবে কী হয়েছে, তা বুঝতে পারেননি তাঁরা।
দুর্ঘটনায় আহত চারজন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন বলে জানান মিজানুর রহমান।