চট্টগ্রামে পাঁচ বছরে ৭৪৩ জন কুষ্ঠ রোগী শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনাতন চিকিৎসানির্ভরতা দেশে কুষ্ঠ নির্মূলে অন্যতম বড় বাধা। কুষ্ঠরোগের চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এ কথা বলছেন।
বেসরকারি সংস্থা দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের হিসাব অনুযায়ী, ২০১৫ সালে বাংলাদেশে সাড়ে তিন হাজার কুষ্ঠ রোগী পাওয়া গেছে। তার মধ্যে চট্টগ্রামে ১০১ জন ও পার্বত্য চট্টগ্রামে ১৬০ জন রোগী শনাক্ত করা হয়। ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত চট্টগ্রামে ৭৪৩ জন ও পার্বত্য চট্টগ্রামে ৯৮৩ জন রোগী পাওয়া গেছে। কুষ্ঠের কারণে চট্টগ্রাম অঞ্চলে ১৮ শতাংশের বেশি রোগী বিকলাঙ্গ হয়ে গেছে।
লেপ্রসি মিশন ইন্টারন্যাশনালের চট্টগ্রামের প্রকল্প ব্যবস্থাপক সানাই প্রু ত্রিপুরা বলেন, ‘আমাদের দেশে এখনো রোগীরা প্রথমে ঝাড়ফুঁক কিংবা কুসংস্কারাচ্ছন্ন বিভিন্ন পদ্ধতির চিকিৎসা নিয়ে থাকে। আমাদের কাছে তারা অনেক পরে আসে।’ তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় কুষ্ঠরোগ ধরা পড়লে, তা নির্মূল করা সম্ভব। দেরি হলে রোগীর বিকলাঙ্গ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।
সানাই ত্রিপুরা বলেন, কুষ্ঠ রোগীরা নানা পারিবারিক ও সামাজিক বাধা ও অবজ্ঞার শিকার হয়ে থাকে।
লেপ্রসি মিশন সূত্র জানায়, নীলফামারী, গাইবান্ধা, জয়পুরহাট, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, রংপুর, দিনাজপুর, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কুষ্ঠ রোগী বেশি পাওয়া যাচ্ছে।
ইন্টারন্যাশনাল জার্নাল অব ডার্মাটোলজিতে গত ডিসেম্বরে কুষ্ঠরোগ নিয়ে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক রফিকুল মওলা এই গবেষণা করেন। ওই হাসপাতালে ১১ বছরে চিকিৎসা নেওয়া রোগীদের ওপর গবেষণাটি চালানো হয়।
২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৭৮৯ জন নতুন কুষ্ঠ রোগী পাওয়া যায়। একই সময়ে সারা দেশে ৬১ হাজার ২৪০ নতুন কুষ্ঠ রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে ৬০ দশমিক ২০ শতাংশ রোগী সংক্রামক কুষ্ঠরোগে আক্রান্ত। গবেষণায় বলা হয়, সংক্রামক কুষ্ঠরোগে আক্রান্ত ব্যক্তিরা বিকলাঙ্গের শিকার হয়।
রফিকুল মওলা বলেন, সংক্রামক কুষ্ঠ ঝুঁকিপূর্ণ। কারণ, এতে রোগ অন্যদের মধ্যে সংক্রমণের ঝুঁকি থাকে। তিনি আরও বলেন, কুষ্ঠ আক্রান্ত বেশির ভাগ রোগীকে পারিবারিক ও সামাজিক কুসংস্কার এবং বাধা পাড়ি দিতে হচ্ছে। পরিবারের অনেক সদস্যও কুষ্ঠ রোগীদের পাশ ঘেঁষতে চায় না। এ ছাড়া অনেকে এখনো সনাতন চিকিৎসানির্ভর। এটা কুষ্ঠ নির্মূলে একটি বড় বাধা।
চিকিৎসকেরা বলছেন, কুষ্ঠরোগ ছোঁয়াচে। এ জন্য একটু সচেতন থাকলেই হয়। রোগীকে একেবারে একঘরে করে রাখার কোনো কারণ নেই। যেসব চিকিৎসক কিংবা নার্স ২০ থেকে ২৫ বছর ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাঁদের মধ্যে যদি কুষ্ঠ সংক্রমিত না হয়, তাহলে অন্যদের হওয়ার কোনো কারণ নেই।
সংবাদ সম্মেলন: আজ রোববার বিশ্ব কুষ্ঠ দিবস। এ উপলক্ষে গতকাল শনিবার দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল আয়োজিত সংবাদ সম্মেলনে কুষ্ঠরোগের বর্তমান পরিস্থিতি তুলে ধরা বলা হয়।
চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মিশনের প্রোগ্রাম লিডার জন অর্পণ সমাদ্দার। এ সময় প্রকল্প ব্যবস্থাপক সানাই প্রু ত্রিপুরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, দ্রুত এই রোগ শনাক্ত করা গেলে এটি রোধ করা সম্ভব।
বিশ্ব কুষ্ঠ দিবসের এবারের প্রতিপাদ্য ‘আমাদের অঙ্গীকার, কুষ্ঠ প্রতিবন্ধী শিশু একটিও নয় আর।’