চট্টগ্রামে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
চট্টগ্রামে পাঁচ বছরের একটি শিশুকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোহাম্মদ কাউসার। গতকাল বুধবার রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, একটি শিশুকে ধর্ষণের মামলায় কাউসারকে গ্রেপ্তার করা হয়েছে।
শিশুটির মায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, শিশুটির মা পোশাক কারখানার শ্রমিক, বাবা নির্মাণশ্রমিক। শিশুটির বাসার পাশেই তার নানির বাসা। মা–বাবার অনুপস্থিতিতে শিশুটির দেখাশোনা করেন তার নানি। প্রতিদিনের মতো গতকালও নিজেদের কাজে যান শিশুটির মা-বাবা। বিকেলে বাসায় এসে ধর্ষণের এই ঘটনা সম্পর্কে জানতে পারেন তাঁরা। ওই রাতেই শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়।
শিশুটির মা জানান, সপ্তাহখানেক আগে বাসার পাশের একটি জায়গায় আগুন জ্বালান কাউসার। আগুনে তার মেয়ের পায়ে ফোসকা পড়ে। বিষয়টি নিয়ে কাউসারের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। এ কারণে ক্ষিপ্ত হয়ে শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণ করেন কাউসার।