চট্টগ্রামে পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চট্টগ্রামে চেক প্রত্যাখ্যানের মামলায় এক পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। অভিযুক্ত ব্যক্তির নাম কাজী রাকিব উদ্দিন। তিনি বান্দরবান জেলার রুমা থানায় কর্মরত আছেন।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহান এ আদেশ দেন। বাদীর আইনজীবী জুলফিকার আলী ভুট্টো প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ৫২ লাখ টাকার চেক প্রত্যাখ্যান হওয়ায় নগরের আগ্রাবাদ এলাকায় শামীমা আক্তার নামের এক গৃহিণী গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিনের বিরুদ্ধে মামলা করেন। আদালত অভিযুক্ত রাকিবের বিরুদ্ধে সমন জারি করলেও তিনি হাজির হননি। গত বছরের ৩ মার্চ রাকিব বাদীর কাছ থেকে ৫২ লাখ টাকা ধার নেন।
আইনজীবী জুলফিকার আলী ভুট্টোর চেম্বারে ওই টাকা ধার দেওয়া হয়। সেখানে টাকা পরিশোধের প্রতিশ্রুতিতে একটি চুক্তিও সম্পাদন করা হয়। পরে ২০২১ সালের ১৮ আগস্ট পাওনা টাকা পরিশোধের জন্য আসামি সোনালী ব্যাংক বান্দরবান শাখার ৫২ লাখ টাকার একটি চেক দেন। চেকটি ৩১ আগস্ট প্রত্যাখ্যান হলে গত বছর ১৯ সেপ্টেম্বর বাদী পাওনা টাকা দাবি করে আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ দেন।
আসামি ২৯ সেপ্টেম্বর নোটিশটি গ্রহণ করেন। কিন্তু অর্থ পরিশোধ না করায় ৩১ অক্টোবর তিনি মামলা করেন।
অভিযোগের বিষয়ে পুলিশ পরিদর্শক কাজী রাকিব উদ্দিনের মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি।