চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার মামলার দুই আসামির জামিন নামঞ্জুর
চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আসামিরা হলেন মো. নাছির ও মাসুদ আলম।
আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান শুনানি শেষে এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুই আসামির জামিনের আবেদন করা হলে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করেন।
গত ১৫ অক্টোবর দুপুরে নগরের আন্দরকিল্লা জেএম সেন হল পূজামণ্ডপে হামলা, ফটকের ব্যানার ছিঁড়ে ফেলা ও মণ্ডপে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে কোতোয়ালি থানায় ৮৪ জনের নাম উল্লেখ করে মামলা করে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ৫০০ জনকে। পরে পুলিশ অভিযান চালিয়ে যুব-ছাত্র অধিকার পরিষদের ৯ জন নেতা-কর্মীসহ ১০০ জনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।