চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
চট্টগ্রামের ষোলশহর দুই নম্বর গেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে বড় নালায় পড়ে গেলে এক নারীসহ দুই আরোহী মারা গেছেন। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ষোলশহর দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে, দুপুর ১২টার দিকে নগরের ইস্পাহানি রেলগেট এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক মারা গেছেন।
দুই নম্বর গেট এলাকায় নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশাচালক মো. সুলতান (৩৫) ও যাত্রী খাদিজা বেগম (৬৫)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, সিএনজিচালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে চশমা হিল এলাকার বড় নালাটিতে পড়ে যায়। অটোরিকশায় চালকসহ পাঁচজন আরোহী ছিলেন। হতাহত ব্যক্তিদের উদ্ধার করা হয়েছে। কিন্তু চালক ও এক বৃদ্ধা মারা যান। অন্যরা হাসপাতালে আছেন। নালার পানিতে অনেকটা ডুবে যায় অটোরিকশটি।
চশমা হিল এলাকার বড় নালাটি চশমা খাল হিসেবে পরিচিত। আজ বুধবার সকাল থেকে বৃষ্টি থাকায় সেখানে পানি বেশি ছিল।
এদিকে নগরের ইস্পাহানি রেলগেট এলাকায় গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক যুবক মারা যান। জানা গেছে, একটি গাড়ি তাঁকে চাপা দিয়ে চলে যায়। পরে সাজ্জাদ নামের এক কিশোর আহত ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে।