চট্টগ্রামে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোববার বেলা একটার দিকে নগরের আগ্রাবাদ মোড়ে নিট টেক্স চিটাগং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রামের আগ্রাবাদে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। আজ রোববার বেলা একটার দিকে ডবলমুরিং থানার আগ্রাবাদ মোড়ে নিট টেক্স চিটাগং লিমিটেড নামের একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, কারখানাটিতে প্রায় ৬০০ শ্রমিক কাজ করেন। দুপুরে একটি বয়লারের বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ওই বয়লারের অপারেটর ও তাঁর সহকারী আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া বিস্ফোরণের পর হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ থেকে ছয়জন শ্রমিক আহত হন। গুরুতর না হওয়ায় তাঁদের হাসপাতালে চিকিৎসা নিতে হয়নি।

বিস্ফোরণের খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘বিকট শব্দে বয়লার বিস্ফোরণের পর আগুন লাগে। আমরা যাওয়ার আগেই তারা আগুন নিভিয়ে ফেলে। এতে প্রাথমিকভাবে একজন আহত হয় বলে শুনেছি। তবে কেউ দগ্ধ হয়নি।’