চট্টগ্রামে প্রথম দৈনিক করোনা শনাক্ত হাজার ছাড়াল
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ১০ জন মারা গেছেন। একই সময়ে নতুন করে ১ হাজার ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৫ শতাংশ।
মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রামে এক দিনে সর্বোচ্চসংখ্যক ব্যক্তির করোনা শনাক্ত হলো গত ২৪ ঘণ্টায়। শুধু তা-ই নয়, এই প্রথম চট্টগ্রামে এক দিনে করোনা শনাক্ত হাজার ছাড়াল। গতকাল মঙ্গলবার চট্টগ্রামে সর্বোচ্চ ৯৫৫ জনের করোনা শনাক্তের তথ্য জানানো হয়েছিল।
আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৬৭ হাজার ৭৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮০০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৫২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৫১ জন। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে চারজন শহরের, ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ৬৪৯ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯৫৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৬ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ১০ ব্যক্তির মৃত্যু হয়।
এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ১৭৪ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮২১ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৮ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ৯ ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।