চট্টগ্রামে প্রাণের উচ্ছ্বাসে শেষ হলো জাগরণ উৎসব
গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করেই শনিবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ তারুণ্যের পদচারণে মুখর হয়ে ওঠে। বিতর্ক ও সাংস্কৃতিক আয়োজনে তরুণেরা গেয়ে ওঠেন সাম্যের জয়গান। এর মধ্য দিয়ে পর্দা নামে কনফিডেন্স সিমেন্ট-প্রথম আলো জাগরণ উৎসবের।
শনিবার বিকেল চারটার দিকে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয় জাগরণ উৎসবের আন্তস্কুল ও কলেজের সমাপনী পর্বের বিতর্কের আয়োজন। আন্তস্কুল বিতর্কের ফাইনালে মুখোমুখি হয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়। এতে চ্যাম্পিয়ন হয় ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। ফাইনালে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের অদিতি দেব। পুরো প্রতিযোগিতায় স্কুল পর্বে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম সরকারি বালিকা বিদ্যালয়ের তাহরিমা ফেরদৌস।
এরপর অনুষ্ঠিত হয় আন্তকলেজ বিতর্ক প্রতিযোগিতার সমাপনী পর্ব। এতে হাজী মুহাম্মদ মহসিন কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের তাসদিদ তাহসিন।
বৃষ্টির কারণে আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আসর বসে শিল্পকলার মূল মিলনায়তনে। একে একে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সবার ওপরে মানুষ সত্য’ বিষয়ের ওপর তাঁদের সাংস্কৃতিক কার্যক্রম পরিবেশন করেন। এই পর্বে বিচারক ছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী শ্রেয়সী রায়, নাট্যনির্দেশক শুভ্রা বিশ্বাস, নাট্যজন আকবর রেজা ও আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। এতে বিজয়ী হয় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। প্রথম রানার্সআপ হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
চূড়ান্ত পর্ব শেষে বসে পুরস্কার বিতরণী আসর। এতে অতিথি ছিলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত রবিউল আলম। তিনি বলেন, ‘ধর্মান্ধতার বিরুদ্ধে, সাম্যের কথা এসেছে আজকের আয়োজনে। সাংস্কৃতিক পরিবেশনায় তরুণেরা যে কথাগুলো তুলে এনেছে, তার সবই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, এই কথাগুলো তরুণেরা ধারণ করবে। তরুণেরা বাংলাদেশকে এগিয়ে নেবে তাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে। বাংলাদেশ হবে সত্যিকারের সাম্যের দেশ।’
অনুষ্ঠানের অতিথি কনফিডেন্স সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন আহমেদ বলেন, করোনার কারণে দীর্ঘ দুই বছর এই উৎসব বন্ধ ছিল। তারুণ্যের জয়গানে আবারও প্রাণ ফিরে পেয়েছে উৎসব। এটা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ সময় প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন, করোনার কারণে তরুণেরা এই সময়ে অনলাইনে ঝুঁকে পড়েছিল। ফলে সৃজনশীলতার বিকাশ একটু হলেও বাধাগ্রস্ত হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক জিহান করিম বলেন, তরুণেরা সৃজনশীল কর্মকাণ্ড নিয়ে দেশকে এগিয়ে নেবে। তাদের দিকে পুরো জাতি তাকিয়ে আছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফাহিম উদ্দিন ও জয়শ্রী দাশ। এ সময় বিজয়ীদের নাম ঘোষণা করেন চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি তাহমিনা সানজিদা। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথি এবং সাংস্কৃতিক পর্বের বিচারকেরা। পুরো অনুষ্ঠানের সহযোগিতায় ছিল চট্টগ্রাম বন্ধুসভা।