চট্টগ্রামে বাস খাদে, আহত ২২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার নাপোরা ছড়ারপুল এলাকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত আটজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ইঞ্জিনের গরম তেলে সাহাদাত্ হোসেন নামের এক শিশুর শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। ওই শিশুর মা ও বাবাও বার্ন ইউনিটে চিকিত্সাধীন।

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) সুজন মজুমদার প্রথম আলোকে বলেন, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে এ দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা মিনহাজুল হক জানান, মোট ১৯ জন যাত্রীকে আহত অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল। গুরুতর আহত আটজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ইঞ্জিনের গরম তেল ঝলসে কয়েকজন আহত হয়েছেন। গরম তেলে সাহাদাত্ হোসেন নামের এক শিশুর শরীরের ৯০ ভাগ পুড়ে গেছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) পংকজ বড়ুয়া প্রথম আলোকে জানান, আহত ব্যক্তিদের দুই দফায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই পরিবারের তিনজনকে বার্ন ইউনিট ও বাকি পাঁচজনকে অন্যান্য ইউনিটে ভর্তি করা হয়েছে।