চট্টগ্রামে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার এগারোমাইল এলাকার পিকিং পাওয়ার প্ল্যান্টের সামনে আজ বুধবার বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুদ্দিন (১৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় চারজন আহত হন।

আহত ব্যক্তিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুদ্দিন ফটিকছড়ি উপজেলার নান্নুপুর ইউনিয়নের গামরিতলা গ্রামের আবদুল রাজ্জাকের ছেলে।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, সবজিবোঝাই একটি পিকআপ ভ্যান নাজিরহাট যাচ্ছিল। সকাল সাতটার দিকে এগারোমাইল এলাকায় পোশাকশ্রমিকদের বহনকারী একটি বাসের সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সবাই আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসের যাত্রীরা নিরাপদে ছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম প্রথম আলোকে জানান, সকাল আটটার দিকে আহত পাঁচজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এঁদের মধ্যে গুরুতর আহত সাইফুদ্দিন নামের একজন মারা যান। অন্যদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।