চট্টগ্রামে বিচারককে মারধরের মামলায় দুজন রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার চার আসামি
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে এক বিচারককে গাড়ির ধাক্কা দিয়ে উল্টো তাঁকে মারধরের ঘটনায় রানা মরতুজা নামের এক প্রবাসীসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার বাদী ও চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচলাইশ থানা–পুলিশ সাত দিন করে রিমান্ডের আবেদন করে আদালতে। শুনানি শেষে আদালত রানা মরতুজার পাঁচ দিন এবং গাড়িচালক আবদুর রহিমের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। গ্রেপ্তার বাকি দুই আসামি মরতুজার বোন মাসুকা সুলতানা ও জিবান সুলতানার রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত। শুনানিকালে আদালতে আসামিপক্ষের কোনো আইনজীবী ছিলেন না।

রানা মরতুজা বেলজিয়ামপ্রবাসী। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি চট্টগ্রামে তাঁর বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। বিচারককে মারধরের ঘটনায় গতকাল সোমবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির আবুল কালাম আজাদ বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। মামলায় মরতুজা, তাঁর দুই বোন, গাড়িচালক ও তাঁর বন্ধু শিশির মাহমুদকে আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, সোমবার রাত ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ তাঁর স্ত্রীকে নিয়ে নগরের জিইসি মোড়ের একটি কফি শপ থেকে বেরিয়ে হেঁটে গোলপাহাড় মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় একটি ব্যক্তিগত গাড়ি বিচারককে ধাক্কা দেয়। তিনি এই ঘটনার প্রতিবাদ জানালে গাড়িতে থাকা পাঁচজন নেমে তাঁকে কিলঘুষি মারতে থাকেন। বিচারক তাঁর পরিচয় দেওয়ার পরও আসামিরা তাঁকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করতে থাকেন। স্বামীকে মারতে বারণ করলে বিচারকের স্ত্রীকে গলা টিপে হত্যার চেষ্টা করেন নারী আসামিরা। একপর্যায়ে বিচারক ও তাঁর স্ত্রীকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন আসামিরা। পরে পথচারীরা এসে তাঁদের উদ্ধার করেন। মারধরে বিচারকের একটি দাঁতের কিছু অংশ ভেঙে যায়। এ ছাড়া তিনি হাতে ও বুকে আঘাত পান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাতে চিকিৎসা নেন।

মামলার তদন্ত কর্মকর্তা পাঁচলাইশ থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, রিমান্ড মঞ্জুর হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কেন, কী উদ্দেশ্যে তাঁরা বিচারককে মারধর করেছেন, তা জানার চেষ্টা রয়েছে। গ্রেপ্তার মরতুজার দুই বোনকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। পলাতক আসামি শিশিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এদিকে বিচারকের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, ঘটনায় জড়িত সব আসামিকে আইনের আওতায় আনতে হবে।