চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট ওয়ার্ড সচিবের মৃত্যু
বিজয় দিবসের ব্যানার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দক্ষিণ হালিশহর ওয়ার্ড সচিব রিফাত উদ্দিন (৩৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাঁর মৃত্যু হয়।
রিফাত উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তাঁর ছোট ভাই মিনহাজ উদ্দিন। তিনি প্রথম আলোকে বলেন, চিকিৎসাধীন অবস্থায় ভাইয়ের অবস্থার কিছুটা উন্নতি হয়। সোমবার সকাল সাড়ে ৯টায় তাঁর একটা অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু সকাল ৮টার দিকে হঠাৎ করে শারীরিক অবস্থার অবনতি হলে কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়।
সোমবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে গ্রামের বাড়িতে জানাজা শেষে রিফাত উদ্দিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত বুধবার সকালে নগরের বন্দরটিলা ওয়ার্ড কার্যালয়ে বিজয় দিবসের ব্যানার টানানো হলে সেটি বাতাসে উল্টে যায়। বিকেলে উল্টে যাওয়া ব্যানার ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন রিফাত উদ্দিন। এতে তাঁর শরীরের ২৮ শতাংশ পুড়ে যায়। সঙ্গে সঙ্গে রিফাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য রিফাত উদ্দিনকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল।