চট্টগ্রামে বিপণিবিতান চালুর প্রস্তুতি, সামাজিক দূরত্ব মানা নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান ও ঈদ বাজারে দোকান চালুর প্রস্তুতি নিতে শুরু করেছেন বন্দর নগর চট্টগ্রামের বিপণিবিতান ও শপিংমলের ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ছুটিতে থাকা দোকানের কর্মকর্তা-কর্মচারীদের গ্রাম থেকে নিয়ে আসার উদ্যোগ নিচ্ছেন। অনেকে বিপণিবিতানে এসে দোকান খোলার প্রস্তুতির কাজও শুরু করেছেন।

সরকার রমজান ও ঈদের বাজার উপলক্ষে ১০ মে থেকে দেশের শপিংমলগুলো বিকেল ৫টা পর্যন্ত সীমিত আকারে চালুর ঘোষণা দিয়েছে। তবে এ জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত দেওয়া হয়েছে। গত সোমবার এই ঘোষণা দেওয়া হয়। করোনার সংক্রমণের কারণে বর্তমানে শপিংমলগুলো বন্ধ রয়েছে।

ব্যবসায়ী সমিতির নেতা ও দোকানমালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বছরের এই সময়ের জন্য তাঁরা অপেক্ষায় থাকেন। ঈদের বাজারের বিক্রিই তাঁদের মূল আয়ের উৎস। দেড় মাসের বেশি সময় ধরে দোকান বন্ধ থাকায় বিক্রির প্রস্তুতিতে ব্যাঘাত ঘটেছে। এখন যে সময় পাওয়া যাবে তা দিয়ে কোনোমতে সামাল দিতে হবে।

বিপণিবিতান ও শপিংমলগুলো সীমিত পরিসরে চালুর কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। সামাজিক দূরত্ব ও করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপের নির্দেশনা দেওয়া হয়। তবে বেচাকেনা শুরু হলে সামাজিক দূরত্ব কতটা বজায় রাখা যাবে তা নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা। যদিও হ্যান্ড স্যানিটাইজার, জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ সব ধরনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন তাঁরা। সরকারের নির্দেশনা মেনে পদক্ষেপ না নেওয়া হলে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।

বুধবার সরেজমিনে দেখা যায়, নগরের তামাকুমুণ্ডি লেনের প্রবেশমুখে প্রতিবন্ধকতা দেওয়া হয়েছে। একপাশ দিয়ে দোকানমালিক, কর্মচারীদের ঢুকতে দিচ্ছিলেন নিরাপত্তা প্রহরীরা। বহিরাগত কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভেতরে প্রবেশ করে দেখা যায়, কয়েকজন দোকানমালিক ও কর্মচারী বিপণিবিতানে নিজেদের দোকানের সামনে অপেক্ষা করছিলেন। তাঁদের একজন পোশাক ও জুতা ব্যবসায়ী মোহাম্মদ সৈয়দ। তিনি বলেন, ১০মে দোকান খুলবে। এর প্রস্তুতি নিতে দোকানে এসেছেন। কর্মচারীদেরও ফোন করেছেন চলে আসার জন্য।

এই লেনে ১১০টি বিপণিবিতানে প্রায় ১২ হাজারের বেশি দোকান আছে বলে জানান তামাকুমুণ্ডি লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক আহমেদ কবির। তিনি বলেন, এখানে পাইকারি ও খুচরা পণ্য বিক্রি করা হয়। ঈদের কেনাকাটা করতে দোকানগুলোতে প্রচুর ক্রেতা আসবেন। তাঁদের ভিড়ে সামাজিক দূরত্ব শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে হয় না। তারপরও সর্বোচ্চ প্রস্তুতির অংশ হিসেবে সবগুলো প্রবেশপথে জীবাণুনাশক ওষুধ ছিটানো হবে। হ্যান্ড স্যানিটাইজার রাখা হবে। এগুলোর তদারকির জন্য সমিতির পক্ষ থেকে লোক নিয়োগ দেওয়া হবে।

নগরের নুপুর মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান বলেন, মার্কেট খোলার খবর পেয়ে গ্রাম থেকে কর্মচারীরা আসতে শুরু করেছেন। আসলে এই বন্ধে ব্যবসায়ীরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। রমজানের আগে থেকে উপজেলার দোকানিরা পণ্য কিনে নিয়ে যান।এবার তা হয়নি। এখন যে কয়দিন ব্যবসা করতে পারবেন তা দিয়ে লোকসান পুশিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাঁরা।

বুধবার নগরের দুই নম্বর গেট, প্রবর্তক মোড়, কাজীর দেউরি, জিইসি মোড়, চকবাজার, নিউমার্কেট এলাকা ঘুরে দেখা যায়, আগের তুলনায় এসব এলাকায় মানুষের উপস্থিতি ও সমাগম বেড়েছে। মোড়ে মোড়ে রিকশার জটলা ছিল। যাত্রীও কম ছিল না। তাঁদের অনেকেই বাজার করতে এসেছিলেন। কেউ কেউ অহেতুক ঘোরাঘুরি করছিলেন। গত কিছুদিনের মধ্যে ব্যক্তিগত গাড়িও বেশি বের হতে দেখা যায়।

নগরের নিউমার্কেট এলাকায় কিছু কিছু হকার পণ্যের পসরা নিয়ে বসেছেন। জুতা, বেল্ট, কাপড় কিনতে সেখানে ভিড় করেন স্বল্প আয়ের লোকজন।

চট্টগ্রাম নগরের অন্যতম অভিজাত বিপনিবিতান প্রবর্তক এলাকার মিমি সুপার মার্কেটের ব্যবসায়ীরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবেন৷ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান আকবর প্রথম আলোকে বলেন, ১০ মে মার্কেট খোলা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন গাড়ি চলাচল বন্ধ। দোকানের স্টাফরা সবাই বাড়ি চলে গেছে। তাঁরা কীভাবে আসবেন? আর প্রতিদিন অল্প সময়ের জন্য দোকান খুলে কী করবেন। তারপরও অন্যান্য ব্যবসায়ী সমিতিগুলো কী সিদ্ধান্ত নেয় তা দেখে তাঁরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

ঈদের বাজারে সামাজিক দূরত্ব ও করোনা সংক্রমণ প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে জানতে চাইলে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারের পক্ষ থেকে সুষ্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বিপণিবিতানগুলোতে ব্যবসায়ীরা তা মেনে চলছেন কি না তা তদারকির জন্য সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় অভিযান চালানো হবে। কেউ যদি তা না মানেন তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

জনতে চাইলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, মার্কেট চালুর বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত। তবে স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্বসহ নিয়ম মানতে হবে। যাঁরা মানবেন তাঁরা সুস্থ থাকবেন। না মানলে অসুস্থ হবেন।