রুবি আক্তার গতকাল শুক্রবার সকাল থেকে স্বামীকে মুঠোফোনে পাচ্ছিলেন না। তাঁর স্বামী মো. ইব্রাহিম (৩৮) আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চট্টগ্রামের মুরাদপুর শাখার নিরাপত্তারক্ষী। সন্ধ্যা সাতটার দিকে ব্যাংকের ব্যবস্থাপককে বিষয়টি জানান তিনি। পরে রাত ১০টার দিকে ব্যাংকের ভেতর থেকে ইব্রাহিমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ব্যাংকের ক্লোজড সার্কিট ক্যামেরায় ধরা পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, গত বৃহস্পতিবার রাত ২টা ২০ মিনিটে প্যান্ট ও গেঞ্জি পরা তিন যুবক শার্ট দিয়ে মুখ ঢেকে ব্যাংকে ঢোকে। এ সময় ব্যাংকের ভেতরে কাঁথা গায়ে দিয়ে ঘুমিয়ে থাকা ইব্রাহিম জেগে উঠলে রড দিয়ে তাঁর মাথায় আঘাত করা হয়। পরে গলা কেটে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। তারা প্রায় ২৫ মিনিট ভেতরে ছিল।
পুলিশ জানায়, ব্যাংকের পেছনের একটি জানালার রড বাঁকা করে তারা ব্যাংকে ঢোকে। গতকাল রাতে সরেজমিনে গিয়েও ব্যাংকের পেছনের জানালার গ্রিলের রড বাঁকা দেখা যায়।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাতে ইব্রাহিম ব্যাংকের ভেতরে ছিলেন। দীর্ঘ সময় তাঁর ফোন বন্ধ থাকায় উদ্বিগ্ন স্ত্রী গতকাল সন্ধ্যা সাতটার দিকে শাখার ব্যবস্থাপক ছালামত উল্লাহকে বিষয়টি জানান। ইব্রাহিম কোথায় আছেন, তা ব্যাংকের অপর নিরাপত্তারক্ষী খোরশেদের কাছে জানতে চান ব্যবস্থাপক। পরে খোরশেদ ব্যাংকের জানালা দিয়ে দেখতে পান, ভেতরে ইব্রাহিমের লাশ পড়ে আছে। পরে রাত পৌনে ১০টার দিকে পুলিশসহ কর্মকর্তারা তালা খুলে দেখতে পান, ব্যাংকের ভল্ট কক্ষের সামনে ইব্রাহিমের লাশ পড়ে আছে। লাশ চাদর দিয়ে ঢাকা। মেঝেতে ছোপ ছোপ রক্ত।
গতকাল রাতে ঘটনাস্থলে হাজির হওয়া নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার জানান, ডাকাতির উদ্দেশ্যে দুর্বৃত্তরা ব্যাংকে ঢুকে নিরাপত্তারক্ষীকে হত্যা করে। সিসি ক্যামেরায় দেখা যায়, তিনজন ঢুকেছে। ব্যাংকের ভল্ট খোলার কোনো প্রমাণ মেলেনি। ভল্ট খুলতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা রড বাঁকা করা জানালা দিয়ে বের হয়ে যায়।
ব্যাংকের ব্যবস্থাপক ছালামত উল্লাহ জানান, ভল্ট খুলতে পারেনি দুর্বৃত্তরা। তবে ক্যাশবাক্স তছনছ করেছে তারা।
গতকাল ঘটনাস্থল থেকে পুলিশ একটি বঁটি ও ছুরি উদ্ধার করে। সিসি ক্যামেরার ফুটেজেও দুই দুর্বৃত্তের হাতে বঁটি ও ছুরি থাকার বিষয়টি ধরা পড়ে। পুলিশ জানায়, ব্যাংকের নিচতলায় ভবনের দারোয়ান থাকলেও তাঁরা ডাকাতির বিষয়টি টের পাননি।