চট্টগ্রামে ভাসমান লোকজনকে করোনার টিকা দেওয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার টিকা
ফাইল ছবি: রয়টার্স

চট্টগ্রাম নগরের রাস্তা ও ফুটপাতসহ বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় থাকা নারী-পুরুষদের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার নগরের পুরোনো রেলস্টেশন চত্বরে জেলা প্রশাসক (ডিসি) মো. মমিনুর রহমান টিকা কার্যক্রম উদ্বোধন করেন।

প্রথম দিনে নগরের পাঁচ স্থানে ১ হাজার ৮৯০ জনকে টিকা দেওয়া হয়। রেলস্টেশন, সিআরবি, খাতুনগঞ্জ, সাগরিকা ও অক্সিজেন মোড়ে ছিন্নমূলদের এ টিকা দেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, রেলস্টেশনে টিকা নেওয়ার জন্য কয়েক শ মানুষ ভিড় করেন। তাঁদের বেশির ভাগেরই কোনো জাতীয় পরিচয়পত্র নেই। এ কার্যক্রমের মাধ্যমে প্রায় ১ লাখ মানুষকে টিকাদানের আওতায় আনা হবে বলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় জানায়।

টিকা পেয়ে বেশ খুশি এসব ভাসমান নারী-পুরুষ। রেল স্টেশন এলাকায় রিজিয়া নামের এক নারী বলেন, ‘আমরা করোনার টিকা পাব তা ভাবিনি। আমাদের কোনো কার্ড নেই। কিন্তু আজ টিকা দিয়ে দিল। ভালো লাগছে।’

টিকাদান কার্যক্রম উদ্বোধন শেষে চট্টগ্রামের ডিসি মো. মমিনুর রহমান বলেন, চট্টগ্রাম শহরে প্রায় ৬০ শতাংশ মানুষ টিকা পেয়েছে। এ কর্মসূচির মাধ্যমে জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকা দেওয়া হচ্ছে।

জেলা সিভিল সার্জন ইলিয়াছ চৌধুরী বলেন, ভাসমান লোকজনকে দ্বিতীয়বার খুঁজে পাওয়া কষ্টসাধ্য হবে। তাই তাঁদের জনসন অ্যান্ড জনসনের এক ডোজ টিকার আওতায় এনে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতের চেষ্টা করা হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে। প্রায় এক লাখ মানুষকে এ টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে।