চট্টগ্রামে ভোটের আগে অস্ত্রসহ গ্রেপ্তার ১০ জনের জামিন
চট্টগ্রামের সাতকানিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের আগের দিন মাইক্রোবাস থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় করা মামলার ১০ আসামির সবাইকে জামিন দিয়েছেন আদালত। সোমবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন পাওয়া ১০ আসামি হলেন মো. ফয়সাল, আফসার উদ্দিন, মো. মিনহাজ, সেকান্দর আলী, হেলাল উদ্দিন, শওকত হোসেন, আবদুন নুর, এমরান হোসেন, রুবেল মিয়া ও নওয়াব মিয়া।
জানতে চাইলে চট্টগ্রাম জেলা সরকারি কৌঁসুলি এ কে এম সিরাজুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, মাইক্রোবাস থেকে অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার আসামিদের জামিন না দিতে রাষ্ট্রপক্ষ থেকে বিরোধিতা করা হয়। পরে আদালত ১০ আসামির জামিন মঞ্জুর করেন।
গত ৬ ফেব্রুয়ারি সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের ফুলতলা লতীপীর এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে পুলিশ অস্ত্র ও গুলি উদ্ধার করে। গাড়ির ভেতর থেকে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে মামলা করে। পরদিন ৭ ফেব্রুয়ারি কাঞ্চনা ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়।