চট্টগ্রামে মুরাদ হাসানের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরাদ হাসান
ছবি: সংগৃহীত

সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানসহ দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে গত রোববার মামলার আবেদন করেছিলেন চট্টগ্রামের বিএনপিপন্থী আইনজীবী এ এস এম বদরুল আনোয়ার। আজ বুধবার মামলার আদেশের জন্য দিন ধার্য রেখেছিলেন আদালত।

আজ সন্ধ্যায় সাইবার ট্রাইব্যুনাল চট্টগ্রামের বিচারক এস কে তোফায়েল হাসান মামলার আবেদন খারিজ করে দেন। মুরাদ হাসান ছাড়াও তাঁর সাক্ষাৎকার নেওয়া মহিউদ্দিন হেলালের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের সভাপতি এ এস এম বদরুল আনোয়ার।

মামলার আবেদনে বলা হয়, জাইমা রহমান যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত আছেন। তিনি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। ১ ডিসেম্বর মহিউদ্দিন হেলাল তৎকালীন প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সাক্ষাৎকার নেন। পরে সেটি ফেসবুকে প্রচার করা হয়। সাক্ষাৎকারে জাইমা রহমান সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়, যা নারীর প্রতি বিদ্বেষপূর্ণ ও অবমাননাকর।

আবেদনকারীর আইনজীবী এনামুল হক প্রথম আলোকে বলেন, আদালত মামলা নেওয়ার আবেদন খারিজ করে দিয়েছেন। পূর্ণাঙ্গ আদেশ পাওয়ার পর পরবর্তী করণীয় ঠিক করা হবে।

নারীর প্রতি বিদ্বেষপূর্ণ, অশালীন ও অবমাননাকর বক্তব্যের জেরে সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পদ হারান সরকারদলীয় সাংসদ মুরাদ হাসান। মন্ত্রিত্ব ও দলীয় পদ হারানোর পর দেশ ছেড়ে কানাডায় যেতে চেয়েছিলেন মুরাদ হাসান। কিন্তু কানাডায় ঢুকতে ব্যর্থ হয়ে তিনি গত রোববার দেশে ফিরেছেন।