চট্টগ্রামে যুবক খুন, স্ত্রীসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের হালিশহর থানার রামপুর আবাসিক এলাকায় গত শুক্রবার দিবাগত রাতে বাসার ভেতরে আবদুল বাতেন (৩৪) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। এ ঘটনায় বাতেনের স্ত্রীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৈদ্যুতিক মিস্ত্রি আবদুল বাতেন স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে রামপুর আবাসিক এলাকায় থাকতেন।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় বাতেনের স্ত্রী জেসমিন আক্তার (৩০) ও তাঁর প্রেমিক মো. আলাউদ্দিনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার দুজন প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আলাউদ্দিন হালিশহর থানার পানির কল এলাকার বাসিন্দা।

হালিশহর থানার উপপরিদর্শক (এএসআই) চন্দন মজুমদার বলেন, শুক্রবার দিবাগত রাতে জেসমিন ও আলাউদ্দিন কম্বল দিয়ে শ্বাসরোধে বাতেনকে হত্যা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাত সোয়া একটার দিকে আশপাশের মানুষ বাতেনের চিৎকার শুনতে পান। এরপর এলাকার লোকজন তাঁর বাসায় গিয়ে দরজায় ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে জেসমিন পাড়ার লোকদের গালাগাল শুরু করেন। তখন লোকজন থানায় খবর দেন। পরে পুলিশ এসে রাতে বাতেনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে জেসমিন ও আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এই ঘটনায় বাতেনের বাবা আবদুল মতিন হালিশহর থানায় হত্যা মামলা করেছেন। মামলায় বাতেনের স্ত্রী ও আলাউদ্দিনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, আট বছর আগে নোয়াখালীর বাতেনের সঙ্গে কুমিল্লার জেসমিনের বিয়ে হয়। এই দম্পতির আবদুল্লাহ আল জুবায়ের (৭) ও আবদুল্লাহ আল জুনায়েদ (৪) নামের দুটি সন্তান আছে।

বাতেনের বাবার বরাত দিয়ে হালিশহর থানার পুলিশ জানায়, কিছুদিন আগে থেকে জেসমিন আলাউদ্দিনের সঙ্গে সম্পর্কে
জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদও লেগে থাকত। এর জের ধরে বাতেনকে হত্যা করা হয়।