চট্টগ্রামে রাসায়নিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় যে রাসায়নিক কারখানায় আগুন লেগেছিল, তা নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকালে আগুন লাগে। ঘণ্টাখানেক পর তা নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, শুক্রবার সকাল সাড়ে ১০টায় সাগরিকা এলাকার হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজে আগুন লাগার খবর পাওয়া যায়। এরপর আগ্রাবাদ ও বন্দর ফায়ার স্টেশন থেকে ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ প্রথম আলোকে দুপুর ১২টায় বলেন, এখন আগুন নিয়ন্ত্রণে আছে। তবে আগুন সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা নির্ণয় করা হবে। আর আগুন লাগলেও মালিকপক্ষের কাউকে পাওয়া যায়নি।

সাগরিকা এলাকায় যেখানে কারখানায় আগুন লেগেছে তার পাশেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ চলছে। তবে ম্যাচে এর কোনো প্রভাব পড়েনি।