চট্টগ্রামে রেলক্রসিংয়ে দুর্ঘটনা: ৩ দিনেও গ্রেপ্তার হননি বাসচালক
চট্টগ্রাম নগরের ঝাউতলা রেলক্রসিং এলাকায় ডেমু ট্রেনের ওপর তিনটি গাড়ি আছড়ে পড়ার ঘটনায় অভিযুক্ত বাসচালককে এখনো গ্রেপ্তার করা যায়নি। রেল পুলিশ বলছে, বাসচালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
গত শনিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে পুলিশের সদস্যসহ তিনজন নিহত হন। আহত হন ছয়জন।
নাজিরহাট থেকে ডেমু ট্রেনটি চট্টগ্রাম স্টেশনের দিকে যাচ্ছিল। ট্রেনটি রেলগেট অতিক্রম করার সময় এক পাশের লোহার বার ফেলা ছিল। অপর পাশ ছিল খোলা।
এ সময় জিইসি মোড় থেকে আসা দ্রুতগামী একটি বাস দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা ও একটি টেম্পোকে ধাক্কা দিয়ে ট্রেনের ওপর আছড়ে পড়ে। এতে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর বাসচালককে মূল আসামি করে মামলা হয়। তবে ঘটনার পর থেকে বাসচালক ও মালিক পলাতক।
এ ঘটনায় গেটম্যান আশরাফুল আলমগীর ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতে নগরের পাহাড়তলী থেকে তাঁকে গ্রেপ্তার করে খুলশী থানা-পুলিশ। তাঁকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, বাসচালক ও মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়েছে।