চট্টগ্রামে রোববার শুরু হচ্ছে বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আগামী রোববার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে আগামী রোববার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। মেলা চলবে ১০ মার্চ পর্যন্ত। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে ছুটির দিনে মেলা শুরু হবে সকাল ১০টা থেকে।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন সিটি করপোরেশনের শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও বইমেলার আয়োজক কমিটির আহ্বায়ক নিছার উদ্দিন আহমেদ। এবারের মেলায় ১ লাখ ২ হাজার বর্গফুটের জায়গায় মোট ১২০টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, এবারের বইমেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নার থাকবে। মেলায় প্রতিদিন বিষয়ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দেশের খ্যাতিমান কবি ও সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন।

এবারের বইমেলায় মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি, স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর চেতনাবিরোধী কোনো কার্যক্রম ও গ্রন্থ প্রকাশ করা যাবে না বলে জানান নিছার উদ্দিন আহমেদ।

করোনা মহামারির কারণে গত বছর চট্টগ্রামে বইমেলা অনুষ্ঠিত হয়নি। ২০১৯ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের তৎকালীন মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্যোগে নগরে সমন্বিত বইমেলা শুরু হয়। পরের বছরও বইমেলা অনুষ্ঠিত হয়।