চট্টগ্রামে লকডাউনের নামে চলছে 'নাটক'

চারটি বাঁশ কোনাকুনি করে ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে প্রবেশমুখ। সেই বাঁশে ঝুলছে একটি সাদা কাগজ। তার ওপর লেখা ‘বাড়ির সদস্য ব্যতীত বাইরের লোক প্রবেশ নিষেধ’ শীর্ষক নির্দেশনা। কিন্তু বাঁশগুলোর মুখেই চলছে ঘা ঘেঁষাঘেঁষি করে চার তরুণের আড্ডা। তাঁদের মধ্যে তিনজনের মুখে মাস্কও নেই। আজ শনিবার বিকেলে রাহাত্তারপুলের ইন্নত আলী চৌকিদার বাড়ি সড়কে দেখা এই চিত্র এখন নগরের প্রায় সব অলিগলিতে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত সপ্তাহ থেকে অলি-গলিতে ‘স্বতঃস্ফূর্ত’ লকডাউন শুরু হয়। শুরুতে এই উদ্যোগকে অনেকেই স্বাগত জানান। কিন্তু দিন বাড়তেই লকডাউনের নামে শুরু হয়েছে ‘নাটক’। সড়কের প্রবেশমুখে বাঁশ লাগিয়ে দিনভর ভেতরে-বাইরে আড্ডা লেগেই আছে। কেউ কেউ লুডু-ক্যারম খেলায় ব্যস্ত সময় পার করছেন।
আবার কোথাও কোথাও জরুরি কাজে নিয়োজিত গাড়ি কিংবা সাধারণ মানুষকে হয়রানি করার অভিযোগও আসছে। মূলত বাইরে লকডাউন দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেসব এলাকায় ঢুকছেন না। এটিকে সুযোগ হিসেবে নিয়েছেন অনেকেই।
আজ নগরের কেবি আমান আলী সড়কের মিয়া গলি, ওমর আলী মাতাব্বর সড়ক, বিএড কলেজ রোড, তাজউদ্দিন শাহ (র.) মাজারসংলগ্ন সড়ক, চান্দগাঁওয়ের খাজা রোডের সিদ্দিক খলিপারপাড়া, কসাইপাড়া, করমপাড়া এলাকায় ঘোরেন এই প্রতিবেদক। প্রতিটিতেই লকডাউনের নামে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ভেতরে-বাইরে আড্ডা বসাতে দেখা গেছে। ওই সব এলাকায় চলাচল করা রিকশাচালক, স্থানীয় লোকজনের সঙ্গে কথা হলে তাঁরা এ নিয়ে ক্ষোভের কথা জানান।
কয়েক দিন আগে ওমর আলী মাতব্বর রোডে যাত্রী নিয়ে ঢুকতে গিয়ে হয়রানির শিকার হন রিকশাচালক শরীফ উদ্দিন। তিনি বলেন, সন্ধ্যার দিকে যাত্রী নিয়ে ওই সড়কে ঢুকতে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে তাঁকে হেনস্তা করেন। অথচ ওই যুবকেরা সামাজিক দূরত্ব না মেনে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন তখন।
কথা হয় বহদ্দারহাট এলাকার বাসিন্দা শহিদুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, দিনভর এলাকার বিভিন্ন মোড়ে মোড়ে তরুণদের আড্ডা লেগে থাকে। ঘরে ফিরতে বললে আড়চোখে তাকান।
সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে সমালোচনা হচ্ছে। সোহেল সরওয়ার নামের একজন ফেসবুকে লিখেছেন, ‘প্রশাসনের উচিত নিজ উদ্যোগে এলাকা-গলিতে লকডাউন করা। কারণ এখন লকডাউনের নামে আড্ডাবাজি, মানুষকে হয়রানি করা হচ্ছে।’
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নজরেও এসেছে এই লকডাউন নাটক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসন ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনার সময় নগরের আতুরার ডিপো ও মনসুরাবাদ এলাকায় বাইরে লকডাউন দিয়ে ভেতরে অনিয়মের চিত্র দেখতে পান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম।
মো. তৌহিদুল ইসলাম আজ সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী এলাকাবাসী লকডাউন করতে পারেন না। তবে বর্তমান পরিস্থিতিতে যদি তাঁরা এই লকডাউন সামাজিকভাবে প্রতিফলন করেন, তাহলে ভালো। কিন্তু নগরের অলিগলিতে লকডাউনের নামে নানা আড্ডা দেওয়া, দোকান খোলা রাখার চিত্র দেখছি। এসব অনিয়ম থামাতে জরিমানা করা হচ্ছে।