চট্টগ্রামে শনাক্ত ২৭৪, মৃত্যু ৫
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে পাঁচ ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ২৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ২৮ শতাংশের বেশি।
আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৭ হাজার ১৫৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৬৭১ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯৭৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৬০ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ১১৪ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন শহরের। তিনজন উপজেলার বাসিন্দা।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৪৭ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ২১ শতাংশের বেশি। এদিন চট্টগ্রামে করোনায় এক ব্যক্তির মৃত্যু হয়।
এর আগের দিন চট্টগ্রামে ৯৯২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৯০ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ছিল ১৯ শতাংশের বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ৪ জন মারা যান।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হন। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।