চট্টগ্রামে শনাক্ত ৭৯০, মৃত্যু ৪
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে চারজন মারা গেছেন। একই সময়ে নতুন করে ৭৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা তুলনায় করোনা শনাক্তের হার ২৪ শতাংশ।
আজ বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৭৩ হাজার ৩৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। করোনায় চট্টগ্রামে মারা গেছেন মোট ৮৬০ জন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৫৬১ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ২২৯ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজন শহরের, একজন উপজেলার বাসিন্দা।
আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৫৩৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৯২৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩৬ শতাংশের বেশি। এদিন চট্টগ্রামে করোনায় ১৫ ব্যক্তির মৃত্যু হয়। চট্টগ্রামে এর আগে কখনো এক দিনে করোনায় ১৫ জন মারা যাননি। তার আগে ১১ জুলাই ১৪ জনের মৃত্যু হয়েছিল।
এর আগের দিন চট্টগ্রামে ২ হাজার ৪৩৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৬৫ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৩১-এর বেশি। সেদিন চট্টগ্রামে করোনায় ছয় ব্যক্তির মৃত্যু হয়।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।