চট্টগ্রামে শনাক্তের হার ১২ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১০৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ১২ শতাংশ। আগের দিন শনাক্ত হার ছিল ১৫ শতাংশের বেশি।
আজ মঙ্গলবার সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে ৫৬৮ জন মারা গেলেন। চট্টগ্রামে এখন পর্যন্ত ৫১ হাজার ৩৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ৯০২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৬ জনের করোনা পজিটিভ আসে।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তি শহরের বাসিন্দা। অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে শহরের ৭৪ জন। বিভিন্ন উপজেলার ৩২ জন।
আগের ২৪ ঘণ্টায় (রোববার) চট্টগ্রামে করোনায় চার ব্যক্তির মৃত্যু হয়। একই সময় ১ হাজার ২৩৫ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৯১ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ছিল সাড়ে ১৫ শতাংশের বেশি।
শনিবার চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় আট ব্যক্তির মৃত্যু হয়। এদিন ১ হাজার ১৯৭ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৭৪ জনের করোনা পজিটিভ আসে। শনাক্তের হার ছিল সাড়ে ৬ শতাংশের বেশি।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।