চট্টগ্রামে শনাক্তের হার ৬
চট্টগ্রামে সবশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৬। একই সময় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।
আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা-সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার ৫০২। মোট মারা গেছেন ১ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ২ হাজার ৯৭৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১৩৯ জন, উপজেলার ৪৯ জন।
আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২ হাজার ১৫৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৭ জনের করোনা শনাক্ত হয়, নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনার সংক্রমণ শনাক্তের ঘোষণা দেয় সরকার। আর চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। একই বছরের ৯ এপ্রিল করোনায় চট্টগ্রামে প্রথম কারও মৃত্যু হয়।
দেশে এক সপ্তাহ ধরে করোনা শনাক্তের হার কমতির দিকে। আর দুই দিন ধরে দৈনিক শনাক্ত রোগী পাঁচ হাজারের নিচে থাকছে।
জনস্বাস্থ্যবিদেরা বলছেন, সামগ্রিক পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের চূড়া পেরিয়েছে দেশ। এ ছাড়া এবার প্রচুর মানুষ আক্রান্ত হওয়ায় প্রতিরোধক্ষমতাও তৈরি হয়েছে। পাশাপাশি টিকা কার্যক্রমও চলছে। তবে স্বাস্থ্যবিধির ব্যাপারে সতর্ক থাকতে হবে।