চট্টগ্রামে শিশুকে ধর্ষণচেষ্টায় এক ব্যক্তি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার মো. সাদ্দাম (২৮) পেশায় রিকশাচালক বলে পুলিশ জানিয়েছে।
অপর দিকে ধর্ষণচেষ্টার শিকার শিশুটির বাবাও রিকশাচালক, তাঁর মা কাজ করেন একটি পোশাক কারখানায়। গ্রেপ্তার সাদ্দাম নগরের বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকেন। তাঁর গ্রামের বাড়ি খাগড়াছড়ির পানছড়ি থানার ফাতেমা নগরে।
নগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ঘরে মা-বাবা না থাকায় প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় সাদ্দাম তাকে ‘সাজিয়ে দেওয়ার’ কথা বলে একটি ঘরে নিয়ে যায়। তখন শিশুটি চিৎকার করলে সাদ্দাম পালিয়ে যান। পরে শিশুটির বাবা ও প্রতিবেশীরা ঘটনাটি পুলিশকে জানান। টহল পুলিশ সাদ্দামকে আটক করে।
এই ঘটনায় শিশুটির বাবা ধর্ষণচেষ্টার মামলা করেছেন বলে জানান ওসি মো. কামরুজ্জামান।