শিশুদের বিভিন্ন মারাত্মক রোগের প্রতিষেধক টিকার সংকট দেখা দিয়েছে চট্টগ্রাম নগরসহ জেলার ১৪টি উপজেলায়। টানা অবরোধে ঢাকা থেকে চট্টগ্রামে টিকা সরবরাহ বন্ধ থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন। এ কারণে অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় জন্মের এক বছরের মধ্যে শিশুদের বিভিন্ন মারাত্মক রোগের প্রতিষেধক হিসেবে পাঁচটি টিকা দেওয়া হয়। এ ছাড়া সন্তান ধারণে সক্ষম ও গর্ভবতী নারীদের দেওয়া হয় টিটেনাস টিকা (টিটি)। চট্টগ্রামে এই ছয়টি টিকার মধ্যে চারটিরই ভান্ডার এখন শূন্য। বাকি দুটিও অল্প পরিমাণে রয়েছে। ধনুষ্টঙ্কার, ডিপথেরিয়া, পোলিও, হুপিং কাশি, হাম, হেপাটাইটিস বি, যক্ষ্মা ও ইনফ্লুয়েঞ্জা—প্রাণঘাতি এসব রোগ থেকে রক্ষা পেতে টিকা দেওয়া হয়।
৮ জানুয়ারি হালিশহর এলাকার বাসিন্দা সুলতানা রাজিয়া দুই মাস বয়সী সন্তানকে যক্ষ্মার টিকা (বিসিজি) দিতে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে যান। কিন্তু স্বাস্থ্যকর্মীরা জানান, কেন্দ্রে টিকা নেই। পর পর কয়েক দিন ওই কেন্দ্রে যাওয়ার পরও সন্তানকে টিকা দিতে পারেননি তিনি। একই রকম পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আরও অনেক মা-বাবা।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন সরফরাজ খান চৌধুরী বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ভ্যাকসিন (টিকা) এসে পৌঁছানোর কথা ছিল। কিন্তু অবরোধের কারণে ঢাকা থেকে পাঠাতে পারেনি। সমস্যার কথা ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। বিশেষ ব্যবস্থায় দু-এক দিনের মধ্যে টিকা এসে পৌঁছাবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে গড়ে প্রতি মাসে নয় হাজার ভায়াল (বোতল) বিসিজি (যক্ষ্মার প্রতিষেধক ইনজেকশন), এমআর (হাম রুবেলা) ও মিজেলসের (হাম) টিকা প্রয়োজন হয়। পোলিওর টিকা প্রয়োজন প্রতি মাসে ১২ হাজার। এক ভায়ালে ১০ জন শিশুকে টিকা দেওয়া হয়। পেন্টাভ্যালেন্ট টিকার (ডিপথেরিয়া, ধনুষ্টঙ্কার, হুপিং কাশি, হেপাটাইটিস বি ও ইনফ্লুয়েঞ্জা—এই পাঁচটি রোগের সমন্বিত টিকা) গড় চাহিদা মাসে ৬০ হাজার ভায়াল। আর মাসে টিটেনাস টিকা প্রয়োজন কমপক্ষে ১২ হাজার।
চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআইয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা সৈয়দ নূর প্রথম আলোকে জানান, উপজেলায় প্রতি মাসে প্রায় ১৪ হাজার শিশুকে টিকা দেওয়া হয়। গত মাসের ১৭ ডিসেম্বরের পর পটিয়ায় আর কোনো টিকা আসেনি। তিনি বলেন, ‘টিকার জন্য জেলা সিভিল সার্জন অফিসে বেশ কয়েকবার জানিয়েছি। কিন্তু আমাদের বলা হয়েছে, অবরোধের কারণে ঢাকা থেকে টিকা আসতে পারছে না।’
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে অল্প পরিমাণে পোলিও এবং পেন্টা টিকা থাকলেও বাকি সব টিকা দুই সপ্তাহ আগেই শেষ হয়ে গেছে। গতকাল বুধবার পর্যন্ত চট্টগ্রামে ৬০ হাজার পেন্টার চাহিদার বিপরীতে সংরক্ষণ ছিল তিন হাজার। ১২ হাজার পোলিও টিকার বিপরীতে রয়েছে পাঁচ হাজার।
ঢাকার মহাখালী ইপিআই সদর দপ্তর থেকেই সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা পাঠানো হয়। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো টিকাগুলো নগর ও ১৪টি উপজেলায় চাহিদা অনুযায়ী ভাগ করে দেওয়া হয়। টিকা চেয়ে গত ২০ ডিসেম্বর থেকে গত সোমবার পর্যন্ত তিন দফা চাহিদাপত্র পাঠানো হলেও কোনো টিকা পাঠানো হয়নি।
এ বিষয়ে ইপিআই সদর দপ্তরের ভারপ্রাপ্ত প্রোগ্রাম ম্যানেজার মো. আবদুর রহিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নিরাপত্তার স্বার্থে প্রশাসনের সহায়তা ছাড়া টিকা পাঠানো যাচ্ছে না। নিরাপত্তার জন্য সহায়তা চেয়ে গত সপ্তাহে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইজিপি বরাবর চিঠি পাঠানো হয়েছে। এখনো সাড়া পাওয়া যায়নি। যেভাবেই হোক দ্রুত চট্টগ্রামে টিকা পাঠানো হবে।