চট্টগ্রামে শেষ হলো ডায়াবেটিক মেলা
ডায়াবেটিসের রোগীদের সচেতন করার লক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী ডায়াবেটিক মেলা শেষ হয়েছে গতকাল শনিবার। মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে চারটিকে সেরার পুরস্কার দেওয়া হয়। মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম।
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে খুলশীর ডায়াবেটিক জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। সমাপনী দিনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি এ কে আজাদ খান, চট্টগ্রাম জেলার সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।
সিরাজুল ইসলাম বলেন, ডায়াবেটিক হাসপাতালে এখন শুধু ডায়াবেটিসে আক্রান্ত রোগীরাই নন, ডায়াবেটিস নেই এমন রোগীরাও মানসম্মত সেবা পাচ্ছেন। সবার ঐক্যবদ্ধ চেষ্টা থাকলে মানবকল্যাণমুখী যেকোনো কাজে অগ্রগতি সম্ভব। ডায়াবেটিক হাসপাতালকে মেডিকেল কলেজে প্রতিষ্ঠা ও উন্নয়নের ক্ষেত্রে সরকারি সহযোগিতারও আশ্বাস দেন তিনি।
চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির নির্বাহী সদস্য সৈয়দ মোরশেদ হোসেনের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন শিল্পপতি আনিসুর রহমান, পরিবার পরিকল্পনা চট্টগ্রামের উপপরিচালক উ খ্যে উইন, সমিতির জীবন সদস্য অধ্যাপক মাসুদ চৌধুরী।
সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশ নেওয়া স্টলগুলোর মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রথম, আবুল খায়ের অ্যান্ড কোম্পানিকে দ্বিতীয় এবং রেনাটা লিমিটেড ও এপিক হেলথ কেয়ারকে যৌথভাবে তৃতীয় সেরার পুরস্কার দেওয়া হয়।