চট্টগ্রামে শ্বাসকষ্টের রোগীদের আইসিইউর জন্য ছোটাছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

‌‍‌‍‘করোনা সন্দেহ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আম্মাকে জেনারেল হাসপাতাল পাঠিয়ে দেওয়া হয়। সেখানে অ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় চিকিৎসকেরা দেখে বলেন, আইসিইউ–সুবিধা দিতে হবে। তাঁদের পরামর্শে একটি বেসরকারি হাসপাতালে গেলাম। কিন্তু শ্বাসকষ্ট শুনে আইসিইউতে ভর্তি করেনি। পরে আবার জেনারেল হাসপাতালে নিয়ে এলাম। সেখানে বেলা পৌনে ১১টায় মারা যান আম্মা। যদি আইসিইউ–সুবিধা পেতেন, তাহলে হয়তো বেঁচেও যেতে পারতেন।’

করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া নারীর বড় ছেলে সাইফুল ইসলাম আক্ষেপ করে আজ মঙ্গলবার কথাগুলো বলেন। গত সোমবার নগরের সরাইপাড়ার ওই রোগী মারা যায়। পরে রাতে নমুনা পরীক্ষায় জানা যায় তাঁর করোনা পজিটিভ। একই হাসপাতালে আগের দিন অর্থাৎ রোববার রাতে করোনায় মারা যায় পটিয়ার ছয় বছর বয়সী এক প্রতিবন্ধী শিশু। শ্বাসকষ্ট থাকায় তাকেও আইসিইউ বা নিবিড় পরিচর্যা কেন্দ্রের সুবিধা দেওয়া যায়নি।

চট্টগ্রামের করোনা চিকিৎসায় আইসিইউ আছে কাগজে কলমে। কিন্তু করোনা রোগীরা এই আইসিইউ–সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ফলে চিকিৎসকেরা শেষ চেষ্টা করে দেখতে পারছেন না। চিকিৎসার জন্য এই হাসপাতাল থেকে ওই হাসপাতাল দৌড়াতে হচ্ছে।

চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির এবং সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি প্রথম আলোকে বলেছেন আইসিইউ সেবাসহ সব চিকিৎসাব্যবস্থা প্রস্তুত রয়েছে।

করোনা মোকাবিলার প্রস্তুতির সময় (মার্চ মাসে) এক অফিস আদেশ দিয়ে বলা হয়েছিল, চট্টগ্রামের করোনা রোগীদের জন্য নগরের পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালের আইসিইউ ব্যবহার করা হবে। এরপর ৪ এপ্রিল অপর এক অফিস আদেশে চট্টগ্রামের ১২টি হাসপাতালের আইসিইউ ধাপে ধাপে ব্যবহার করার আদেশ জারি করা হয় বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের কার্যালয় থেকে। প্রথমপর্যায়ে পার্ক ভিউ, মেডিকেল সেন্টার এবং ইমপেরিয়াল হাসপাতালের নাম রয়েছে। কিন্তু এখন পর্যন্ত একটি রোগীও আইসিইউতে ভর্তি করা যায়নি।

করোনা মোকাবিলায় গঠিত স্বাচিপের বিভাগীয় সমন্বয়ক আ ন ম মিনহাজুর রহমান বলেন, আইসিইউ কেবল গালভরা বুলি। কিন্তু কোনো হাসপাতালে আইসিইউতে রোগী ভর্তি করাচ্ছে না। অথচ জেনারেল হাসপাতাল থেকে তাদের ওই হাসপাতালে পাঠানো হয়েছিল।

আইসিইউর জন্য কান্নাকাটি
নগরের সরাইপাড়ার ওই নারীকে রোববার রাতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী নিজের গাড়িতে করে চমেক হাসপাতালে পৌঁছে দেন। মোরশেদ আকতার বলেন, তখন দেখেছি নারীটি শ্বাস নিতে পারছেন না। সঙ্গে থাকা নারীর ছেলে বলেন, হার্ট অ্যাটাক করেছে।

তখন রাত সাড়ে ১০টা। সঙ্গে ছিলেন নারীটির ছেলে সাইফুল ইসলাম। রোগীটিকে প্রথমে চমেক হৃদরোগ বিভাগে এবং পরে ১৪ নম্বর মেডিসিন ওয়ার্ডের ২৫ নম্বর শয্যায় ভর্তি করা হয়। সেখানে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তাঁর শ্বাসকষ্ট বাড়ছিল। পরে চিকিৎসকেরা এক্স–রে করে করোনা সন্দেহ করেন। তাঁরা আইসিইউ–সুবিধা লাগবে বলে জানিয়ে দেন। সোমবার ভোরে ওই নারীকে জেনারেল হাসপাতালের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হয়।

রোগীর ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, ‘চমেক হাসপাতালে চিকিৎসকেরা অনেক চেষ্টা করছেন। পরে ভোর ছয়টার দিকে তাঁরা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে সকাল সাতটার দিকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু শ্বাসকষ্ট দেখে তারা নেয়নি। অনেক আকুতি করেও পারিনি। পরে আবার জেনারেল হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসকেরা অক্সিজেন দিয়ে শেষচেষ্টা করেছেন। পরে মারা যান।’

সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি আজ প্রথম আলোকে বলেন, ‘নারীটি মেডিকেল থেকে জেনারেল হাসপাতালে এসেছিলেন। কাগজেপত্রে ওই বেসরকারি হাসপাতোলে পাঠানোর বিষয়টি পাইনি। হয়তো রোগীর স্বজনেরা নিজেরা সেখানে নিয়ে যেতে পারেন।’

জানতে চাইলে জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মোস্তফা জামাল প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম মেডিকেলে নারীটি এসেছিলেন। ওই নারীর শ্বাসকষ্ট ছিল বেশি। আইসিইউ–সুবিধা দিতে পারলে চেষ্টা করা দেখা যেত। কিন্তু আগের দিন মারা যাওয়া শিশুটি আনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে মারা যায়। ওই ক্ষেত্রে কিছু করার ছিল না।

চট্টগ্রামে করোনা চিকিৎসার জন্য জেনারেল হাসপাতালে ১০০ শয্যা এবং বিআইটিআইডিতে ৫০ শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরি করে রাখা হয়েছে। কিন্তু সংকটাপন্ন রোগীদের আইসিইউ সেবা দেওয়ার ব্যবস্থা কার্যত এখনো হয়নি। যা হয়েছে, তা কাগজেকলমে সীমাবদ্ধ।

নতুন হাসপাতাল করার চেষ্টা
বেসরকারি হাসপাতালগুলো এখন নতুন করে করোনার জন্য বেসরকারি হাসপাতাল গড়ার জন্য মাঠে নেমেছে। তারা বন্ধ হয়ে যাওয়া হলি ক্রিসেন্ট হাসপাতালটিতে ২০টি আইসিইউ এবং ৮০টি সাধারণ শয্যা দিয়ে পূর্ণাঙ্গ হাসপাতাল করার চেষ্টা করে যাচ্ছেন। বিদ্যমান বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি না করানোর বিকল্প হিসেবে এটা করা হচ্ছে।

গত শনিবার সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির এই হাসপাতাল পরিদর্শন করেন। বিভিন্ন হাসপাতাল থেকে দুই–তিনটি করে আইসিইউ শয্যা এনে হলি ক্রিসেন্টে দেওয়া হবে। এরপর তা করোনা রোগীদের জন্য ব্যবহারে দেওয়া হবে। কিন্তু এটা হতে আরও অন্তত ১০ দিন সময় লাগবে।

জানতে চাইলে উদ্যোক্তাদের একজন পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম রেজাউল করিম বলেন, এটা হলে করোনা রোগীদের আইসিইউসহ খুব ভালো একটা সেবা দেওয়া সম্ভব হবে। কাজ শেষ হতে আরও সময় লাগবে। বিদ্যমান বেসরকারি হাসপাতালে করোনা রোগী ঢোকানো হলে অনেক সংকটে পড়তে হবে বলে তিনি জানান।

এদিকে, ৭ এপ্রিল চট্টগ্রাম জেনারেল হাসপাতালের জন্য ১০টি নতুন আইসিইউ শয্যা চট্টগ্রাম পৌঁছেছে। এর আগের আরও আটটি নতুন আইসিইউ শয্যা একই হাসপাতালের গুদামে পড়ে রয়েছে। সম্প্রতি আসা আইসিইউ শয্যাগুলো কবে নাগাদ বসানো সম্ভব হবে, তা স্পষ্ট করে বলা যাচ্ছে না।

জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মোস্তফা জামাল বলেন, বসানোর কাজ চলছে । তবে সময় লাগবে। বসে গেলে রোগীদের সেবা দেওয়া সম্ভব হবে।
বর্তমানে চট্টগ্রামে ২৩ জন আইসোলেশনে রয়েছে। তার মধ্যে ১৩ জন করোনা পজিটিভ। করোনায় মারা গেছে তিনজন।