চট্টগ্রামে ষাঁড়ের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ষাঁড়কে দুই দিক থেকে দুজন ধরে হেঁটে চলেছেন। দুই পাশে উৎসুক জনতা করতালি দিচ্ছেন। এ যেন ষাঁড়ের ক্যাটওয়াক!
ছবি: প্রথম আলো

মাঠের চারদিকে প্যান্ডেল দিয়ে এর ভেতরে সারি সারি ঘর করা হয়েছে। সেখানে শোভা পাচ্ছে কালো আর লাল ষাঁড়। এদের নিয়ন্ত্রণে রাখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে মালিককে। এর মধ্যেই মাঠের খালি জায়গায় মঞ্চ বানানো হয়েছে। সেখানে একটি ষাঁড়কে দুই দিক থেকে দুজন ধরে হেঁটে চলেছেন। দুই পাশে উৎসুক জনতা করতালি দিচ্ছেন। এ যেন ষাঁড়ের ক্যাটওয়াক!

চট্টগ্রামের আউটার স্টেডিয়ামে আজ শুক্রবার দিনভর এভাবেই ষাঁড়ের প্রদর্শনী করা হয়। ক্যাটেল ফার্মস কমিউনিটি এবং ইউনিট্রেড ইভেন্টস ‘চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২’ নামে এ প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে প্রাকৃতিকভাবে প্রতিপালন করা ৩২টি অ্যাগ্রো ফার্মের প্রায় ১০০টি ষাঁড় নিয়ে আসা হয়। প্রদর্শনীতে অংশ নেওয়া ব্যক্তিরা জানান, দেশে শিক্ষিত তরুণেরা আধুনিক পদ্ধতিতে ষাঁড় পালনের দিকে ঝুঁকছেন। মূলত সবার সঙ্গে সবার যোগাযোগ প্রতিষ্ঠা এ প্রদর্শনীর উদ্দেশ্য।

ষাঁড় নিয়ে দিনব্যাপী আয়োজনটি এবারই প্রথম। এ আয়োজনে ষাঁড় প্রদর্শনী ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ, লটারি ও আলোচনা সভা। প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাংসদ মোশাররফ হোসেন। উদ্যোক্তা গ্রিন হারভেস্ট ফার্মের স্বত্বাধিকারী বোরহানুল হাসান চৌধুরী আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভায় প্যানেল মেয়র আবদুস সবুর, আয়োজক ইউনিট্রেড ইভেন্টসের স্বত্বাধিকারী ওসমান গনি, ক্যাটেল ফার্মস কমিউনিটির সভাপতি মোহাম্মদ আকতার হোসেন বক্তব্য দেন।

কেউ কেউ আবার ষাঁড়ের সঙ্গে সেলফি তোলেন
ছবি: প্রথম আলো

মোশাররফ হোসেন বলেন, ‘কৃষিভিত্তিক বাংলাদেশে মূল অর্থনীতির জোগানদাতা কৃষক। কোনো না কোনোভাবে আমরা কৃষক পরিবারের উত্তরাধিকার। কৃষি মানেই ধান, চাল, ডাল বা সবজি নয়; এর সঙ্গে প্রাণিজ ও সামুদ্রিক সম্পদের যোগসূত্র রয়েছে। পুষ্টির জোগান আসছে এসব ক্ষেত্র থেকে।’

প্রথমবারের মতো এ আয়োজনে উদ্যোক্তা এবং সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ তৈরি করেছে। রয়েল রেঞ্জ ক্যাটেল ফার্মের মালিক ফরহাদ হাসান রয়েল বলেন, শিক্ষিত তরুণেরা বৈজ্ঞানিক ও স্বাস্থ্যসম্মতভাবে ষাঁড় পালনের দিকে ঝুঁকছেন। এটা অনেক আশার কথা। এতে কোরবানির ঈদে বিদেশি গরুর ওপর নির্ভরতা কমবে। প্রদর্শনীতে অনেক খামারি এসেছেন। এখানে এসে নিজেদের মধ্যে সহযোগিতার সম্পর্ক তৈরি হয়েছে। পাশাপাশি ষাঁড় প্রতিপালন নিয়ে অনেক কিছু জানা গেছে। আবার দেশি ষাঁড় নিয়ে সাধারণের আগ্রহও বোঝা গেল।

ষাঁড় প্রতিপালন–সম্পর্কিত বিভিন্ন পরামর্শ দেওয়ার স্টল ছিল প্রদর্শনীতে। এ ছাড়া অ্যাগ্রো ফার্মাসিউটিক্যালগুলোও প্রদর্শনীতে অংশগ্রহণ করে।

প্রদর্শনীতে প্রাকৃতিকভাবে প্রতিপালন করা ৩২টি অ্যাগ্রো ফার্মের প্রায় ১০০টি ষাঁড় নিয়ে আসা হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রাম ক্যাটেল এক্সপোর প্রধান সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী বলেন, শিক্ষিত তরুণেরা যেভাবে খামার করার দিকে এগিয়ে আসছেন, তা আশাব্যঞ্জক। এ প্রদর্শনী তাঁদের আরও উৎসাহ বাড়াবে। চট্টগ্রামে যাঁরা এ ধরনের খামার করছেন, তাঁদের এক ছাতার নিচে আনতেই এ আয়োজন। মূলত সবার সঙ্গে সবার যোগাযোগ প্রতিষ্ঠা হচ্ছে এ প্রদর্শনীর মাধ্যমে। ভবিষ্যতে এই শিল্প এগিয়ে নেওয়ার জন্য এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।