নাশকতা করতে পেট্রলবোমার টাকা জোগান দেওয়ার অভিযোগে সরকারি খাদ্যগুদামের এক কর্মকর্তাকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার চট্টগ্রাম নগরের সদরঘাট খাদ্যগুদাম এলাকা থেকে ওই কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া সরকারি কর্মকর্তার নাম জিয়াউল হক ওরফে তারেক। তিনি খাগড়াছড়ির গুইমারা সরকারি খাদ্যগুদামের দায়িত্বশীল কর্মকর্তা (ইনচার্জ)। রিংকু ও সাজু নামের দুই যুবকের তথ্যের ভিত্তিতে তাঁকে গতকাল দুপুর আড়াইটায় গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র আরও জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে নগরের খুলশী থানাধীন মাস্টারলেন এলাকা থেকে সাজু ও রিংকুকে দুটি পেট্রলবোমাসহ পুলিশ গ্রেপ্তার করে। তাঁরা পাহাড়তলী ঝাউতলা বস্তির বাসিন্দা। পরদিন ১১ ফেব্রুয়ারি এ দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা গুইমারা খাদ্যগুদামের কর্মকর্তা জিয়াউল হকের নাম উল্লেখ করেন। পেট্রলবোমা ছুড়ে গাড়ি পোড়ানোর জন্য জিয়াউল হক তাঁদের পাঁচ হাজার টাকা দিয়েছিলেন, যা জবানবন্দিতে উল্লেখ আছে।
পুলিশ আরও জানায়, দাপ্তরিক কাজে জিয়াউল হক গুইমারা থেকে চট্টগ্রামে আসেন। এ ছাড়া তাঁর পরিবারের সদস্যরা নগরের আসকাদীঘি এলাকার একটি অ্যাপার্টমেন্টে বসবাস করেন। খবর পেয়ে পুলিশ গতকাল সদরঘাট সরকারি খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে জিয়াউল হককে গ্রেপ্তার করে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভুইয়া প্রথম আলোকে বলেন, ‘জিয়াউল হকের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া এলাকায়। তিনি খাগড়াছড়ির গুইমারা খাদ্যগুদামের ইনচার্জ। যাত্রীবাহী বাসে পেট্রলবোমা ছোড়ার জন্য তিনি ঝাউতলা বস্তির দুই যুবকের হাতে পাঁচ হাজার টাকা তুলে দিয়েছিলেন। আদালতে দেওয়া ওই দুই যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে জিয়াউলকে গ্রেপ্তার করেছি।’