চট্টগ্রামে সাগরপাড় থেকে কিশোরের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বন্দর থানার আনন্দ বাজার ধূমপাড়া এলাকার সাগরপাড় থেকে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে ওই কিশোরের লাশ উদ্ধার করে বন্দর থানার পুলিশ।
নিহত কিশোরের নাম মো. ইউসুফ (১১)। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সেনপাড়ায়। সে মা-বাবার সঙ্গে চট্টগ্রামের পতেঙ্গার হোসেন আহমেদ পাড়ায় থাকত। পতেঙ্গার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। তার বাবার নাম মো. ইসমাইল।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সাগরে ডুবে ওই কিশোরের মৃত্যু হতে পারে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবির প্রথম আলোকে বলেন, স্থানীয় মানুষ গতকাল ওই কিশোরকে জাহাজের রশি ধরে দোল খেতে দেখেছে। সম্ভবত দোল খাওয়ার সময় বড় ঢেউ এসে তাকে ভাসিয়ে নিয়ে যায়।
পুলিশ জানায়, লাশ উদ্ধারের বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে। তারা এলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।