চট্টগ্রামে সাত দিনের বিজয় মেলার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধের বিজয় মেলা উপলক্ষে বিজয় শিখা প্রজ্বালন করে বিজয় মেলা কমিটি। বিকেল সাড়ে চারটায় এম এ আজিজ স্টেডিয়ামের সামনে
ছবি: প্রথম আলো

বিজয় শিখা প্রজ্বালনের মধ্য দিয়ে চট্টগ্রামে সাত দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রবেশমুখে বিজয় শিখা প্রজ্বালন করেন মুক্তিযুদ্ধকালীন অপারেশন জ্যাকপট অভিযানের কমান্ডার কমোডর এ ডব্লিউ চৌধুরী (বীর উত্তম ও বীর বিক্রম)।

এ সময় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন। তাঁর নেতৃত্বে বাঙালি জাতি ৯ মাস যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনেছিল। আজও স্বাধীনতাবিরোধী অপশক্তি নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যেতে হবে।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন একাত্তরের মার্চ মাসে গঠিত আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রধান নূর মোহাম্মদ ও উপপ্রধান শাহ বদিউল আলম। তাঁরা বিজয় শিখা প্রজ্বালনের অগ্নিশলাকা তুলে দেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের হাতে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিজয় মেলা পরিষদের মহাসচিব মুক্তিযোদ্ধা মো. ইউনুছ, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাছিনা মহিউদ্দিন, মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, নৌ কমান্ডো আনোয়ার হোসেন, প্রফেসর সেকান্দর চৌধুরী, নগর আওয়ামী লীগের সম্পদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান, যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন প্রমুখ।

এম আজিজ স্টেডিয়ামের সামনের বিজয় মঞ্চে জাতীয় ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের পতাকা উত্তোলন করা হয়। পরে বিজয় মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের মহাসচিব মো. ইউনুছ।