চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন
চট্টগ্রামে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আলেক শাহ। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায়। বাবার নাম শন্তু মিয়া। আলেক চট্টগ্রাম নগরের ইপিজেড ওয়াসা গলির আম্বিয়া ভবনের বাসিন্দা ছিলেন।
চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডাদেশের রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
আদালত সূত্র জানায়, পোশাকশ্রমিক আশামণির সঙ্গে আলেক শাহর ২০০৮ সালে বিয়ে হয়। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। ২০১৬ সালের ২৫ অক্টোবর রাতে আশামণি (২৫) খুন হন।
আশামণি খুনের ঘটনায় তাঁর বাবা লুৎফর রহমান নগরের ইপিজেড থানায় হত্যা মামলা করেন। মামলায় আলেক শাহকে আসামি করা হয়।
মামলার তদন্ত শেষে পুলিশ ২০১৬ সালের ৬ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয়।
পরের বছরের ১২ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচারকাজ শুরু হয়।
১২ জনের সাক্ষ্য শেষে আজ আদালত রায় ঘোষণা করেন।