চট্টগ্রামে ২ লাখ ৬৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩
চট্টগ্রামে পৃথক অভিযানে ২ লাখ ৬৫ হাজার ইয়াবা বড়িসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার রাতে নগরের বাকলিয়া ও জেলার আনোয়ারায় অভিযান চালিয়ে ওই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে র্যাব-৭। আজ মঙ্গলবার দুপুরে র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. কামরুজ্জামান, জমির উদ্দিন ও রমজান আলী। তাঁদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (গণমাধ্যম) মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, আনোয়ারার দোভাষী বাজার থেকে কামরুজ্জামানকে ১ লাখ ৬৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, মিয়ানমার থেকে সাগরপথে আনোয়ারায় কর্ণফুলী নদী দিয়ে ইয়াবাগুলো দেশে আনা হয়। একই এলাকা দিয়ে আগেও ইয়াবা এনেছেন তিনি। তাঁর কয়েকটি ট্রলার রয়েছে।
চালকের আসনের নিচে ইয়াবা
নগরের বাকলিয়া নতুন ব্রিজ এলাকা থেকে এক লাখ ইয়াবাসহ চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাবের কর্মকর্তারা জানান, কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে একটি ট্রাক চট্টগ্রাম হয়ে ঢাকা যাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব ওই ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করে।
ইয়াবা উদ্ধারের পৃথক দুটি ঘটনায় বাকলিয়া ও আনোয়ারা থানায় দুটি মামলা হয়েছে।
র্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা আসামিরা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।