চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
ছবি: রয়টার্স

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত চার ব্যক্তি মারা গেছেন। চারজনই নগরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

আজ রোববার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে চট্টগ্রামে মোট মারা গেছেন ৩৯৩ জন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪১ হাজার ৫০০।

প্রতিবেদনে বলা হয়, রোববার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় ৪ জন মারা গেছেন। একই সময় ২৩২ জন নতুন করে সংক্রমিত হয়েছেন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানান, চারজনের মধ্যে একজন জেনারেল হাসপাতালে, একজন মা ও শিশু জেনারেল হাসপাতালে এবং অপর দুজন বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তবে আজ সকালে জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক মো. আবদুর রব জানান, এ হাসপাতালে দুজন রোগী মারা গেছেন।

জেনারেল হাসপাতালে মারা যাওয়া একজনের হিসাব সবশেষ ২৪ ঘণ্টার তালিকায় এসেছে। অপরজন আগামী ২৪ ঘণ্টার হিসাবে যুক্ত হবে বলে সিভিল সার্জন কার্যালয় জানায়।

জেলায় নতুন করে সংক্রমিত ২৩২ জনের মধ্যে চট্টগ্রাম শহরের বাসিন্দা ২১৯ জন।
চট্টগ্রাম জেলায় এখন সংক্রমণ শনাক্তের হার সাড়ে ১৩ শতাংশ।