চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬৮, মৃত্যু ২
চট্টগ্রামে করোনায় আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় তাঁদের মৃত্যু হয়। এই সময়ে চট্টগ্রামে নতুন করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫২ হাজার ১১৯। করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা ৫৯০।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৪৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৬৮ জনের করোনা পজিটিভ আসে।
গত ২৪ ঘণ্টায় যাঁদের করোনা শনাক্ত হয়েছে, তাঁদের মধ্যে নগরের ১১৬ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৫২ জন।
গত ২৪ ঘণ্টায় যে দুজন করোনায় মারা গেছেন, তাঁদের মধ্যে একজন নগরের বাসিন্দা। অন্যজনের বাড়ি নগরের বাইরে।
চট্টগ্রামে করোনা এখন পর্যন্ত যাঁরা মারা গেছেন, তাঁদের মধ্যে ৪৩২ জন নগরে। আর বিভিন্ন উপজেলার ১৫৮ জন।
১৭ মে চট্টগ্রামে করোনায় পাঁচ ব্যক্তির মৃত্যু হয়। এদিন নতুন করে ৭০ জনের করোনা শনাক্ত হয়। এদিন ৪১৩ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল। করোনা শনাক্তের হার ছিল প্রায় ১৭ শতাংশ।
১৬ মে চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু হয়। এদিন ৩৯২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৩৭ জনের করোনা ‘পজিটিভ’ আসে। শনাক্তের হার ছিল সাড়ে ৯ শতাংশ।
১৫ মে চট্টগ্রামে করোনায় চারজনের মৃত্যু হয়। আর ২৫ জনের করোনা শনাক্ত হয়। এদিন ১৮৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল। শনাক্তের হার ছিল ১৩ শতাংশ।
১৪ মে চট্টগ্রামে ৬১ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যান একজন। এদিন ৭৯০ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়েছিল।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন রোগী করোনায় আক্রান্ত হয়ে মারা যান।