চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১৭ শতাংশ। এক দিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে প্রায় ৬ শতাংশ।
আজ সোমবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনা–সংক্রান্ত সবশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় ৬১৮ জনের মৃত্যু হলো। চট্টগ্রামে মোট করোনা শনাক্ত হয়েছে ৫৩ হাজার ৩৭০ জনের।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭০২ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১১৯ জনের করোনা পজিটিভ আসে।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৮২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৭ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন নগরের। বাকি তিনজন নগরের বাইরের উপজেলার বাসিন্দা।
চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৩ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭৫ জন।
গত শনিবার চট্টগ্রামে করোনায় পাঁচজনের মৃত্যু হয়। এদিন ৭৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ আসে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ১১ শতাংশ।
গত শুক্রবার একজন মারা যান। শনাক্ত হন ১১৬ জন। এদিন ৯১২ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার প্রায় ১৩ শতাংশ।
চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল প্রথম একজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।