চট্টগ্রাম নগরের একটি বাসা থেকে ‘ইসলামী সমাজ’ নামের একটি সংগঠনের ২৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাতে নগরের পাহাড়তলী থানাধীন মৌসুমি আবাসিক এলাকার একটি বাসায় গোপন বৈঠক করার সময় তাঁদের গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে কিছু প্রচারপত্র উদ্ধার করেছে পুলিশ। সংগঠনটির মূল কার্যালয় কুমিল্লার দাউদকান্দিতে বলে প্রচারপত্রে উল্লেখ রয়েছে।
গতকাল শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ বলেন, সংগঠনটি ‘উগ্রবাদ’ প্রচার করে। জামায়াতের সাবেক নেতা মুফতি আবদুল জব্বার সংগঠনটির প্রধান। আর ছাত্রশিবিরের সাবেক নেতা সৈয়দ হুমায়ূন কবীর সংগঠনটি পরিচালনা করেন। এই সংগঠনের নেতা-কর্মীরা গণতন্ত্র, আইন ও বিদ্যমান শাসনব্যবস্থার বিরুদ্ধে। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
গোয়েন্দা কর্মকর্তারা বলেন, গ্রেপ্তার হওয়া একজনকে এর আগে ২০০৮ সালে জামালপুর থেকে গ্রেপ্তার করা হয়। তখন তিনি নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সমর্থক ছিলেন। ওই ব্যক্তির নাম সংবাদ সম্মেলনে স্পষ্ট করেনি পুলিশ। গ্রেপ্তার করা ব্যক্তিদের মধ্যে ‘ইসলামী সমাজ’ চট্টগ্রাম অঞ্চলের প্রধান মো. রুহুল আমিন (৪৫) এবং টঙ্গী অঞ্চলের প্রধান নেতা মো. ইউছুফ আলীও (৪৬) রয়েছেন। বাকি ২২ জন হলেন আমির হোসেন (৫০), জামাল উদ্দিন (৪২), আবু হানিফ হারিজ (৫৩), রফিকুল ইসলাম ওরফে রুবেল (২৭), আলমগীর হোসেন (৩৫), দিদার হোসেন (৩৫), মো. আনোয়ার (৪৪), শাহ আলম (৪০), রবিউল হোসেন (৩৭), তৌহিদুল ইসলাম (২২), আনোয়ার হোসেন (৪২), আবদুল ওহাব (৫৪), আবদুর রব (৪০), মো. ছাদেক (৪২), আবু বক্কর কামাল (৫০), আবদুল কাদের (২৭), আকবর হোসেন (৪২), ইব্রাহিম খলিল (২৬), মোবারক আলী (৪৫), আবদুল হাকিম (৪৫), রবিউল (২৮) ও সাইফুল ইসলাম (২৬)। এর মধ্যে সাইফুল ধর্মান্তরিত মুসলমান বলে পুলিশ জানায়। তাঁর বাড়ি বাঁশখালীতে।
গোয়েন্দা পুলিশ কর্মকর্তারা বলেন, স্বল্প শিক্ষিত এবং শ্রমিক শ্রেণির মানুষকে এই সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করা হচ্ছে। সংগঠনটির যে প্রচারপত্র উদ্ধার করা হয়েছে তাতে এর কেন্দ্রীয় কার্যালয় কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরের কুশিয়ারা বাজার উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রাজধানীর দক্ষিণ বাসাবোয় সংগঠনের আরেকটি কার্যালয় রয়েছে।
গোয়েন্দা পুলিশের উপকমিশনার পরিতোষ ঘোষ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের বেশির ভাগই স্বল্প শিক্ষিত। তাঁদের সবাইকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
পাহাড়তলী মৌসুমি আবাসিক এলাকার যে ভবন থেকে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম ‘ময়ূর ম্যানশন’। ভবনের দ্বিতীয় তলায় জামাল উদ্দিন নামের এক ব্যক্তির ভাড়া বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। জামাল উদ্দিনকেও গ্রেপ্তার করা হয়েছে। ওই বাসায় প্রতি শুক্রবার ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হতো বলে তাঁর স্ত্রী জানান। গতকাল সন্ধ্যায় সেখানে গেলে তিনি বলেন, এলাকার কেউ মিথ্যা অভিযোগ দিয়ে তাঁর বাসায় পুলিশ পাঠানোর ব্যবস্থা করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা কেউ জঙ্গি নয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বাসায় কোরআনের তফসির অনুষ্ঠানে তিন-চারজন মানুষ উপস্থিত হতেন।’ একসঙ্গে ২৪ জন গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে তিনি বলেন, গতকাল (শুক্রবার) মানুষ একটু বেশি ছিল।
জামাল উদ্দিনের স্ত্রী বলেন, তাঁদের দুটি পিকআপ আছে। মাঝেমধ্যে তাঁর স্বামীও পিকআপ চালাতেন। নগরের কাজীর দেউড়ি এলাকায় টাইলস এবং স্যানিটারি সামগ্রী তিনি পরিবহন করতেন। তাঁদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। এই বাসায় তাঁরা পাঁচ বছর ধরে বসবাস করছেন।
ময়ূর ম্যানশনের মালিক এস এম জাহাঙ্গীর দুবাইপ্রবাসী ব্যবসায়ী। তাঁর পরিবার এই ভবনের তৃতীয় তলায় থাকে। তাঁর ছেলে জামশেদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘ওই ফ্ল্যাটে কারা যাতায়াত করতেন, তা আমাদের জানা ছিল না। পুলিশি অভিযানের সময় আমরা বিষয়টি জানতে পারি।’